ব্যুরো নিউজ, ২২ জুন ২০২৬ঃ রাজ্য বাজেট ২০২৬-এ (Bengal Budget 2026) একগুচ্ছ বড় ঘোষণার পাশাপাশি নতুন প্রশাসনিক বিন্যাসের প্রস্তাব দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে তিনি পাঁচটি নতুন জেলা এবং সাতটি পুরসভা গঠনের কথা ঘোষণা করেছেন। এই পদক্ষেপের ফলে রাজ্যের প্রশাসনিক কাজকর্মে গতি আসবে এবং সাধারণ মানুষ আরও সহজে সরকারি পরিষেবা পাবেন বলে দাবি অর্থমন্ত্রীর। অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, প্রশাসনিক ও নিরাপত্তা জনিত সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যে পাঁচটি নতুন জেলা গঠিত হবে, সেগুলি হল কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগ। এর পাশাপাশি কাঁথিতে একটি নতুন পুলিশ জেলা গঠনেরও প্রস্তাব দেওয়া হয়েছে। এই জেলাগুলির গঠন প্রক্রিয়া সম্পন্ন হলে রাজ্যের সামগ্রিক পরিকাঠামো আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, পূর্বতন তৃণমূল সরকারের আমলে সুন্দরবন ও বসিরহাটকে নতুন জেলা করার কথা ঘোষণা করা হলেও তা কার্যকর হয়নি। বর্তমান সরকারের এই সিদ্ধান্তে দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
ডিএ ও নিয়োগ সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণার পাশাপাশি এই প্রশাসনিক পুনর্বিন্যাস রাজ্যের উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে বলে রাজনৈতিক মহলের ধারণা। এই প্রস্তাবগুলি কার্যকর হলে রাজ্যের বিভিন্ন প্রান্তে উন্নয়নের সুফল পৌঁছবে এবং জনজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।








