ব্যুরো নিউজ, ২৩ জুন ২০২৬ঃ দীর্ঘ তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ থাকার পর অবশেষে কলকাতার বিধাননগর এলাকায় সন্ধান মিলল সিউড়ির বছর চব্বিশের তরুণী অমৃতা সিংহের। মানসিক ভারসাম্যহীন অবস্থায় তাঁকে দেখা যায়। মেয়ের সন্ধান পেতে তাঁর অসুস্থ বাবা অর্ধেন্দু সিংহ সোশ্যাল মিডিয়ায় প্ল্যাকার্ড হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন, সেই ছবি ভাইরাল হয়েছিল। মঙ্গলবার রাতে সল্টলেকের ১৩ নম্বর ট্যাঙ্কের কাছে অমৃতাকে ফুটপাতে শুয়ে থাকতে দেখেন এক অটোরিকশা চালক। তিনি সহ কয়েকজন মিলে মেয়েটিকে শনাক্ত করেন এবং অমৃতা’র বাবার সঙ্গে যোগাযোগ করেন।
খবর পেয়ে বিধাননগর সাউথ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তবে পুলিশকে দেখেই অমৃতা সেখান থেকে ছুটতে শুরু করেন এবং বিধাননগর নর্থ থানা এলাকায় ঢুকে পড়েন। অমৃতার বাবা জানিয়েছেন, ১৩ মার্চ থেকে তাঁর মেয়ে নিখোঁজ ছিলেন। দুর্গাপুরের একটি বেসরকারি কলেজ থেকে ফার্মাসিস্টের পড়া শেষ করে বাড়ি ফেরার পর থেকেই অমৃতা মানসিক অবসাদে ভুগছিলেন। কাউকে কিছু না জানিয়ে তিনি বাড়ি ছেড়ে চলে যান। মেয়ের এই অবস্থায় খবর পেয়ে তিনি কলকাতা রওনা হয়েছেন। পুলিশ বর্তমানে বিধাননগর নর্থ থানা এলাকায় তাঁর খোঁজ চালাচ্ছে।








