ব্যুরো নিউজ, ২৩ জুন ২০২৬ঃ মঙ্গলবার দুপুরে হঠাৎই আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং তার পরেই শুরু হয় তুমুল ঝড়বৃষ্টি। কলকাতার বিভিন্ন প্রান্তে গাছ ভেঙে পড়ে। জওহরলাল নেহরু রোডে বিধান মার্কেটের সামনে একটি বড় গাছ রাস্তার উপর আড়াআড়িভাবে পড়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয়। আবহাওয়া দপ্তর দুপুর ২টো ৪০ মিনিট থেকে পরবর্তী ২-৩ ঘণ্টার জন্য কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলায় ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। পুরুলিয়াতেও এই সতর্কতা জারি করা হয়েছে।
তীব্র বৃষ্টির সঙ্গে বজ্রপাত এবং দমকা বাতাসের পূর্বাভাস দেওয়া হয়েছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। আবহাওয়া দপ্তর বজ্রপাতের সতর্কতার কারণে সকলকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে। মৌসুমি অক্ষরেখা এবং একটি নিম্নচাপের সক্রিয়তার কারণে এই বৃষ্টি হচ্ছে বলে জানানো হয়েছে। এই আকস্মিক দুর্যোগে শহরবাসী এবং যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হয়েছেন।








