বাড়ি বদলের সময় সাধের ইন্ডোর প্ল্যান্ট বাঁচাবেন কী ভাবে? রইল সহজ টিপস

বাড়ি বদলের সময় আপনার প্রিয় ইন্ডোর প্ল্যান্টগুলির যত্ন নিন। জেনে নিন গাছ স্থানান্তরের আগে ও পরে কী কী সতর্কতা অবলম্বন করা উচিত।

Share:

ব্যুরো নিউজ, ২৩ জুন ২০২৬ঃ নতুন ঠিকানায় যাচ্ছেন? বাড়ি বদলের ধকল থেকে সাধের ইন্ডোর প্ল্যান্ট বাঁচানোর উপায় জেনে নিন। বাড়ি বদলের ঠিক আগের দিন একসঙ্গে সবকিছু গোছাতে গেলে মারাত্মক ক্ষতি হতে পারে গাছের। তাই অন্তত ৭ দিন আগে থেকে প্রস্তুতি শুরু করুন। গাছের শুকনো, হলুদ বা পচা পাতা এবং অতিরিক্ত লম্বা হয়ে যাওয়া ডালপালাগুলো ছেঁটে ফেলুন। এতে গাছটি আকারে কিছুটা ছোট হবে এবং প্যাকিংয়ের সময় ডাল ভেঙে যাওয়ার ভয়ও থাকবে না। স্থানান্তরের ঠিক আগের দিন টবে জল দেবেন না।

বাড়ি ছাড়ার ৩ দিন আগে পর্যাপ্ত জল দিন, যাতে মাটি ভিতর থেকে আর্দ্র থাকে কিন্তু কাদা না হয়। গাছে ফাঙ্গাস, মিলিবাগ বা মাকড়সার বাসা আছে কি না ভালো করে দেখে নিন। থাকলে নতুন ঠিকানায় যাওয়ার আগেই উপযুক্ত সাবান জল বা নিম তেল দিয়ে তা পরিষ্কার করুন। ছোট ছোট টবগুলোকে শক্ত বাক্সে পাশাপাশি সোজা করে সাজিয়ে রাখুন এবং ফাঁকা জায়গায় খবরের কাগজ বা কাপড় গুঁজে দিন। বড় গাছের ডালপালা আলতো করে বেঁধে দিন এবং টবের মাটির উপর ভেজা কাগজ বিছিয়ে টেপ মেরে দিন।

নতুন বাড়িতে পৌঁছে গাছগুলোকে সরাসরি কড়া রোদে বা এসি ঘরে রাখবেন না। ঘরের এমন জায়গায় রাখুন, যেখানে আলো-বাতাস আসে। অন্তত এক সপ্তাহ তাদের ওই ভাবেই রেখে দিন। ধৈর্য ধরুন, দিন দশেকের মধ্যেই গাছ নিজের নতুন বাড়ির আবহাওয়া চিনে নিয়ে আবার পাতা ছাড়তে শুরু করবে।