ব্যুরো নিউজ, ২৩ জুন ২০২৬ : ফিফা বিশ্বকাপ ২০২৬-এ পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খানিকটা নিজের সঙ্গেই যুদ্ধে নামছেন। ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে প্রথম ম্যাচেই তাঁর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে। ফুটবল বিশেষজ্ঞরা উজবেকিস্তানের বিরুদ্ধে তাঁকে রিজার্ভ বেঞ্চে বসানোর পরামর্শ দিলেও, সেই সম্ভাবনা কম। তবে সিআর সেভেনের সাম্প্রতিক পরিসংখ্যান তাঁর ভক্তদের রক্তচাপ বাড়াচ্ছে।
দেখা যাচ্ছে, বড় টুর্নামেন্ট এলেই রোনাল্ডো গোল করতে ব্যর্থ হচ্ছেন। গত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে পর্তুগালের অভিযান শেষ হয়েছিল। ২০২৪ ইউরোতেও কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয় পর্তুগাল। এই দুই টুর্নামেন্টেই রোনাল্ডো গোল করতে পারেননি। পরিসংখ্যান অনুযায়ী, বড় মাপের টুর্নামেন্টে গত ১০টি ম্যাচে তাঁর পা থেকে গোল আসেনি। শেষবার তিনি গোল করেছিলেন ২০২২ বিশ্বকাপের প্রথম ম্যাচে ঘানার বিরুদ্ধে পেনাল্টিতে। এরপর গোটা টুর্নামেন্টে আর গোল পাননি। এই ১০ ম্যাচে তাঁর অবদান বলতে কেবল একটি অ্যাসিস্ট। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিরুদ্ধে পুরো সময় মাঠে থাকলেও, পঁচিশ বারের বেশি বল স্পর্শ করতে পারেননি তিনি, যা দলের মধ্যে সর্বনিম্ন। বলার মতো কোনও আক্রমণেও অংশ নিতে পারেননি। বরং কখনও কখনও তাঁর উপস্থিতির জন্য অ্যাডভান্টেজ হাতছাড়া হয়েছে।
এমন পরিস্থিতিতে উজবেকিস্তানের বিরুদ্ধে নামছেন রোনাল্ডো। এই ম্যাচে একটি গোল করতে পারলেই গত ১০ ম্যাচের গোলখরা কাটবে। একই সঙ্গে একমাত্র ফুটবলার হিসেবে টানা ৬টি বিশ্বকাপে গোল করার নজির গড়বেন সিআর সেভেন, যা লিওনেল মেসিরও নেই। নিন্দুকদের মুখ বন্ধ করতে পারবেন কি তিনি?








