ব্যুরো নিউজ , ২৬ জুন ২০২৬: বর্ষার স্নিগ্ধ ছোঁয়ায় যখন প্রকৃতি সেজে ওঠে নতুন রূপে, তখন ভ্রমণপিপাসু বাঙালির মন চায় প্রকৃতির কোলে হারিয়ে যেতে। উত্তরবঙ্গের ডুয়ার্স বরাবরই পর্যটকদের পছন্দের গন্তব্য, তবে এবার সেই তালিকায় যুক্ত হয়েছে এক নতুন অফবিট ঠিকানা – পাপরখেতি (Paparkheti)। কালিম্পং জেলার গরুবাথানের কাছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪,০০০ ফুট উচ্চতায় অবস্থিত এই পাহাড়ি গ্রামটি বর্ষায় এক ভিন্ন রূপ ধারণ করে। পর্যটকদের ভিড় এখনও তেমনভাবে না পড়ায় পাপরখেতি তার নিজস্ব শান্ত ও স্নিগ্ধতা ধরে রেখেছে।
বর্ষার সবুজ জঙ্গল এবং মেঘে ঢাকা পাহাড়ের দৃশ্য এখানে এক অন্যরকম মাদকতা তৈরি করে। গোরুবাথান থেকে লাভা যাওয়ার পথে এই মনোরম স্থানটির দেখা মেলে। শিলিগুড়ি থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামে পৌঁছানোর পথে গরুবাথানের পশ্চিম দিক দিয়ে বয়ে চলা চেল নদীর সৌন্দর্য মন মুগ্ধ করে তোলে। পাপরখেতি মূলত একটি পিকনিক স্পট হিসেবে পরিচিত, যেখানে প্রবেশ মূল্য রয়েছে। নদীর স্বচ্ছ জল এবং চারপাশের পাথুরে পরিবেশ ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেওয়ার জন্য আদর্শ। সুউচ্চ পাহাড় এবং ঘন জঙ্গলের মাঝে চেল নদীর তীরে বসে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করা এক অসাধারণ অভিজ্ঞতা।
কীভাবে যাবেন? শিলিগুড়ি থেকে সেবক অথবা গাজলডোবা হয়ে পাপরখেতি যাওয়া যায়। সেবক হয়ে গেলে দূরত্ব প্রায় ৬৫ কিলোমিটার। শিলিগুড়ি থেকে গাড়ি ভাড়া করে সহজেই এই অফবিট গন্তব্যে পৌঁছানো সম্ভব। বর্ষার এই সময়ে প্রকৃতির নিবিড় সান্নিধ্যে দু’দিনের ছুটি কাটাতে চাইলে পাপরখেতি হতে পারে আপনার আদর্শ পছন্দ।







