নিউজ ব্যুরো, ২৭ জুন ২০২৬: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তামান্না খাতুন হত্যা মামলায় তাঁর দেওয়া প্রতিশ্রুতি রাখলেন। সম্প্রতি তিনি এক্স হ্যান্ডেলে ধৃত আরও ১২ জন অভিযুক্তের নামের তালিকা প্রকাশ করে লিখেছেন, ‘জাস্টিস ফর তামান্না, কথা রেখেছি।’
এই ঘটনায় মোট ২৩ জন অভিযুক্ত পুলিশের জালে এল। গত বছর ২৩ জুন উপনির্বাচনের ফল ঘোষণার দুপুরে কালীগঞ্জ থানার মোলান্দি গ্রামে দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে মর্মান্তিকভাবে মৃত্যু হয় ৯ বছরের নাবালিকা তামান্না খাতুনের। এই ঘটনায় নিহতের মা সাবিনা ইয়াসমিন ২৪ জনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রথম দফায় ১১ জনকে গ্রেপ্তার করলেও বাকি অভিযুক্তরা দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
সুবিচারের আশায় তামান্নার মা তৎকালীন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলেও তা সম্ভব হয়নি। রাজ্যে পালাবদলের পর মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তামান্না খুনের বিষয়টি উল্লেখ করেন। তিনি জানিয়েছিলেন, তামান্নার পরিবারও বিচার পাবে। এরপরই তিনি তামান্নার মা সাবিনা ইয়াসমিনের সঙ্গে দেখা করে সুবিচারের আশ্বাস দেন এবং কথা দেন, ছোট্ট তামান্না বিচার পাবেই।
মুখ্যমন্ত্রীর এই প্রতিশ্রুতির পরই পুলিশি তৎপরতা বাড়ে। কয়েকদিনের মধ্যেই পুলিশের জালে আসে আরও ১২ জন অভিযুক্ত। মুখ্যমন্ত্রী নিজে এই তালিকা প্রকাশ করে তাঁর অঙ্গীকার পূরণের বার্তা দিলেন। এই পদক্ষেপ তামান্নার পরিবার এবং রাজ্যবাসীর মধ্যে সুবিচারের আশা জাগিয়েছে।








