ভেনেজুয়েলায় স্বস্তি নেই! ধ্বংসস্তূপের মাঝেই ফের ৫.৬ মাত্রার কম্পন, মৃতের সংখ্যা ছাড়াল ১৪০০

ভেনেজুয়েলায় ফের ৫.৬ মাত্রার ভূমিকম্প। জোড়া কম্পনের পর মৃতের সংখ্যা ১৪৩০ ছাড়াল, আহত ৩২০০। ধ্বংসস্তূপের মাঝে উদ্ধারকাজ অব্যাহত।

Share:

ব্যুরো নিউজ, ২৮ জুন ২০২৬ঃ ভেনেজুয়েলায় ভূমিকম্পের ধাক্কা যেন থামছেই না। গত কয়েকদিনের জোড়া শক্তিশালী কম্পনের পর এবার ফের ৫.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দেশটি। ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (EMSC) জানিয়েছে, শনিবার ভেনেজুয়েলার আরাগুয়া উপকূলের অদূরে সমুদ্রের তলদেশে এই কম্পন অনুভূত হয়। নতুন এই কম্পনে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ালেও, এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

এর আগে গত বুধবার মাত্র ৩৮ সেকেন্ডের ব্যবধানে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছিল ভেনেজুয়েলার উপকূলীয় এলাকা। রাজধানী কারাকাস থেকে ১৬০ কিলোমিটার দূরে প্রথম কম্পনটি অনুভূত হয়, যার রেশ কাটতে না কাটতেই দ্বিতীয়বার কেঁপে ওঠে কারাকাস ও তার আশেপাশের অঞ্চল। এই জোড়া ভূমিকম্পের জেরে লা গুয়াইরা অঞ্চলে ১০০টিরও বেশি বাড়ি ভেঙে পড়েছে এবং প্রায় ৭০ হাজারেরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা ১,৪৩০ ছাড়িয়েছে। গুরুতর জখম হয়েছেন ৩,২০০-রও বেশি মানুষ এবং প্রায় ৩,১০০ জন বাসিন্দা সর্বস্ব হারিয়ে ঘরছাড়া হয়েছেন।

বিপর্যস্ত এলাকায় প্রশাসন ও সেনাবাহিনী জোরকদমে উদ্ধারকাজ চালাচ্ছে। সরকারের পক্ষ থেকে উদ্ধারকারী দলের বহর আরও বাড়ানো হচ্ছে। পাশাপাশি রাষ্ট্রপুঞ্জের (UN) তরফেও ভেনেজুয়েলায় বিশেষ উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। কারাকাসের চাকাও-এর মেয়র গুস্তাভো দুকে জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে অনেকেই জীবিত অবস্থায় আটকে আছেন বলে মনে করা হচ্ছে এবং যত বেশি সম্ভব মানুষকে জীবিত উদ্ধার করাই এখন তাঁদের মূল লক্ষ্য।