ব্যুরো নিউজ, ২৮ জুন ২০২৬ঃ মধ্যরাতে পার্ক সার্কাস স্টেশনে চলল বিরাট বুলডোজার অভিযান। সোমবার গভীর রাতে শিয়ালদহ দক্ষিণ শাখার এই গুরুত্বপূর্ণ স্টেশনে রেল কর্তৃপক্ষের নির্দেশে অবৈধ হকার উচ্ছেদ করা হল।
জানা গিয়েছে, চলতি মাসের শুরুতেই পার্ক সার্কাস স্টেশনে বেআইনিভাবে দখল করে থাকা হকার ও ব্যবসায়ীদের সরে যাওয়ার জন্য নোটিস জারি করা হয়েছিল। কিন্তু সেই নোটিস অগ্রাহ্য করে দোকানপাট না সরানোর ফলেই এই অভিযান চালানো হয়। অভিযান ঘিরে ব্যাপক উত্তেজনা থাকলেও, কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ, রেল পুলিশ (আরপিএফ) এবং র্যাফ মোতায়েন করা হয়েছিল। সোমবার রাত সাড়ে দশটার পর থেকেই পার্ক সার্কাস স্টেশন চত্বর সম্পূর্ণ ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী।
প্রথমে রেলের পক্ষ থেকে মাইকিং করে স্টেশন এলাকা এবং রেলের জমি ফাঁকা করার নির্দেশ দেওয়া হয়। ব্যবসায়ীদের কিছু সময় দেওয়া হলেও, তাঁরা তাঁদের দোকানপাট সরিয়ে নেননি। এর পরই নামে বুলডোজার। একে একে গুঁড়িয়ে দেওয়া হয় স্টেশনের প্ল্যাটফর্ম ও সংলগ্ন এলাকায় গড়ে ওঠা সমস্ত অবৈধ দোকান ও গুমটি। রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পর থেকে রেল স্টেশন এলাকাগুলিতে জবরদখল তোলার জন্য ধারাবাহিক অভিযান চালাচ্ছে রেল কর্তৃপক্ষ।
এর আগে হাওড়া, শিয়ালদহ, দমদম-সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনেও একই ধরনের উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। সেই ধারাবাহিকতা বজায় রেখেই এবার পার্ক সার্কাস স্টেশনে এই কঠোর পদক্ষেপ নেওয়া হল। এই অভিযানের ফলে স্টেশন চত্বর অনেকটাই পরিষ্কার হয়েছে এবং যাত্রীদের যাতায়াতের পথ সুগম হবে বলে আশা করা হচ্ছে।








