ব্যুরো নিউজ, ২৯ জুন ২০২৬ঃ বর্ষার মরসুমে পাহাড়প্রেমীদের জন্য সুখবর। যারা ভিড় এড়িয়ে নির্জন প্রকৃতির কোলে দু’দিন কাটাতে চান, তাদের জন্য নতুন ঠিকানা হতে পারে কালিম্পংয়ের কাছেই এক অচেনা অফবিট গ্রাম ‘সিঞ্জি’। কালিম্পং শহর থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরে অবস্থিত এই ছোট্ট জনপদটি এখনও পর্যটকদের ভিড় থেকে অনেকটাই দূরে। সিঞ্জি থেকে একদিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য চোখে পড়ে, অন্যদিকে নিচে বয়ে চলে তিস্তা নদীর উপত্যকা। ভোরবেলায় ঘন মেঘে ঢেকে যায় পুরো উপত্যকা, যা এক অসাধারণ অভিজ্ঞতা দেয়।
প্রকৃতির এই শান্ত পরিবেশে মন ভরে উঠবে নিশ্চিত। যারা সিঞ্জিতে যাবেন, তারা সহজেই ডেলো হিল, দূরপিন দারা মনেস্ট্রি, মরগান হাউস, আর্মি গলফ কোর্স এবং ক্যাকটাস নার্সারির মতো পরিচিত স্থানগুলি ঘুরে আসতে পারবেন। দিনের শেষে ফিরে এসে সিঞ্জির নির্জনতা এবং পাহাড়ের শান্ত পরিবেশ উপভোগ করার সুযোগ রয়েছে। কীভাবে যাবেন? নিউ জলপাইগুড়ি (NJP) স্টেশন থেকে সিঞ্জির দূরত্ব প্রায় ৬৮ থেকে ৭০ কিলোমিটার। রিজার্ভ গাড়ি ভাড়া করে পৌঁছাতে সময় লাগে প্রায় তিন ঘণ্টার মতো। সিজন অনুযায়ী গাড়ি ভাড়ার তারতম্য হতে পারে। তাই এই বর্ষায় যারা প্রকৃতির সান্নিধ্যে একান্তে সময় কাটাতে চান, তাদের জন্য সিঞ্জি এক আদর্শ গন্তব্য।








