ব্যুরো নিউজ, ২৯ জুন ২০২৬ঃ জ্যৈষ্ঠ পূর্ণিমার পুণ্যতিথিতে দেশজুড়ে পালিত হচ্ছে মহাপ্রভু জগন্নাথ দেবের পবিত্র স্নানযাত্রা। পুরীর জগন্নাথধামে সকাল থেকেই হাজার হাজার ভক্তের সমাগম। মন্দিরের বাইরে মঞ্চে জগন্নাথ-বলরাম-শুভদ্রার বিগ্রহ বসানো হয়েছে, নিয়ম রীতি মেনেই হচ্ছে স্নানযাত্রার পুজোপাঠ। বিশৃঙ্খলা এড়াতে সতর্ক পুলিশ প্রশাসন। এই বিশেষ দিনে পুরীতে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। দিঘার জগন্নাথ মন্দিরেও সোমবার ভক্তি, আচার ও ঐতিহ্যের আবহে পালিত হচ্ছে ভগবান জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রার পবিত্র স্নানযাত্রা উৎসব।
দিঘার মূল মন্দিরের পাশে তৈরি মণ্ডপে স্নানযাত্রা আচার পালন করা হয়। মণ্ডপে বিশেষ বেদিতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার দারুমূর্তিকে ধর্মীয় রীতি মেনে দুধ ও নানা উপচার মিশ্রিত জলে স্নান করানো হয়। স্নানযাত্রার পর প্রভুকে সাজানো হয়েছে গজবেশে। নিবেদন করা হয়েছে ৫৬ ভোগ। অন্যদিকে, ঐতিহ্যবাহী মাহেশে ৬৩০ বছরের প্রাচীন প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসবও একই উদ্দীপনায় পালিত হচ্ছে। এখানে প্রভুকে ২৮ ঘরা গঙ্গাজল দিয়ে স্নান করানো হয়। এই স্নানযাত্রার মাধ্যমেই রথযাত্রার কাউন্টডাউন শুরু হয়ে যায়, যা ভক্তদের মধ্যে এক বিশেষ উন্মাদনা তৈরি করে। বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তরা এই পুণ্য তিথিতে জগন্নাথ দেবের দর্শন ও স্নানযাত্রার সাক্ষী হতে ভিড় জমান।








