বিজেপিতে রচনা বন্দ্যোপাধ্যায়? মিঠুন চক্রবর্তীর অনুরোধ ঘিরে তুঙ্গে জল্পনা

অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় কি বিজেপিতে যোগ দিচ্ছেন? মিঠুন চক্রবর্তীর অনুরোধ ও শুভেন্দু অধিকারীর সঙ্গে কথোপকথন ঘিরে তুঙ্গে রাজনৈতিক জল্পনা।

Share:

ব্যুরো নিউজ, ২৯ জুন ২০২৬ঃ অভিনেত্রী ও হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তুঙ্গে। তিনি কি এবার পদ্মশিবিরে নাম লেখাচ্ছেন? সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে বিস্ফোরক মন্তব্য করে এই জল্পনাকে আরও উসকে দিয়েছেন রচনা। তিনি জানান, একসময় মহাগুরু মিঠুন চক্রবর্তী তাঁকে বিজেপিতে আসার জন্য অনুরোধ করেছিলেন, যদিও তখন তিনি সেই প্রস্তাবে রাজি হননি।

বর্তমানে তৃণমূল ছেড়ে এনডিএ জোটের এনসিপিআই দলে নাম লিখিয়েছেন রচনা, যা তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছিল। ক্ষমতায় থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর আনুগত্য ছিল প্রশ্নাতীত, মুখে শোনা যেত ‘দিদি’র নাম। কিন্তু ভরাডুবির পরেই রাতারাতি দলবদল করেন তিনি। এমনকি সম্প্রতি ‘দিদি নাম্বার ১’ অনুষ্ঠান থেকেও বাদ পড়েছেন রচনা। তাঁর দাবি, “আমি রচনা বন্দ্যোপাধ্যায়। আমি একজন জনপ্রিয় সেলিব্রিটি মুখ। লকেট চট্টোপাধ্যায়কে হারানোর জন্যই দিদি আমাকে প্রার্থী করেছিলেন। আমি অনামি কেউ ছিলাম না।” তাঁর সেলিব্রিটি পরিচিতিই হুগলি আসনটি জিতিয়েছিল বলেও জানান তিনি।

রচনা তৃণমূলের ভরাডুবির জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে বলেন, “দলের সামনে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই। কিন্তু ঐ দলটিকে পেছন থেকে চালান অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুর্নীতির জন্যই ভরাডুবি হল তৃণমূল কংগ্রেসের। বালি চুরি থেকে শুরু করে কয়লা চুরি, রেশন চুরি, চাকরি চুরি, কী নেই একবার বলুন তো?” বিজেপিতে যোগদান প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও, রচনা বন্দ্যোপাধ্যায় জানান যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে এবং শুভেন্দু তাঁকে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। মিঠুন চক্রবর্তীর অনুরোধের কথা স্বীকার করলেও, তিনি এখনও আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদানের বিষয়ে মুখ খোলেননি। তবে এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে রচনার ভবিষ্যৎ নিয়ে জোর আলোচনা চলছে।