ব্যুরো নিউজ, ২৯ জুন ২০২৬ঃ রাজ্যে দীর্ঘপ্রত্যাশিত অভিন্ন দেওয়ানি বিধি (UCC) কার্যকর করার বিষয়ে ঐতিহাসিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার বিধানসভায় দাঁড়িয়ে তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানান, পশ্চিমবঙ্গে এবার থেকে সকলের জন্য একটিই সাধারণ আইন বলবৎ হবে, ধর্মের ভিত্তিতে আলাদা আইনের দিন শেষ হতে চলেছে। এই বিল পাসের বিষয়ে তাঁদের সরকার সম্পূর্ণ সংকল্পবদ্ধ।
মুখ্যমন্ত্রী জানান, তাঁদের দলের পথপ্রদর্শক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখেই এই পদক্ষেপ করা হচ্ছে। আগামী ২ অগস্ট রাজ্য মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত বিলের খসড়া অনুমোদনের জন্য পেশ করা হবে। তিনি স্পষ্ট করেন যে, এই বিলটি একেবারে শূন্য থেকে তৈরি হচ্ছে না, বরং উত্তরাখণ্ড, আসাম এবং গুজরাতের সফল মডেলকে সামনে রেখে এর আইনি রূপরেখা সাজানো হয়েছে। তবে, রাজ্যের প্রাচীন জনজাতিদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখতে বেশ কিছু সম্প্রদায়কে এই আইনের আওতার বাইরে রাখা হচ্ছে। মূলত আদিবাসী, কুড়মি এবং মূলবাসী সম্প্রদায়ের মানুষ অভিন্ন দেওয়ানি বিধির পরিধির বাইরে থাকবেন।
আইনটি প্রণয়নের আগে রাজ্যের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের চেয়ারপার্সনশিপে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার। এই কমিটিকে বিবাহ, বিবাহবিচ্ছেদ, খোরপোশ, উত্তরাধিকার ও সম্পত্তি বণ্টন, দত্তক নেওয়া এবং লিভ-ইন রিলেশনশিপ-সহ ৭ থেকে ৯টি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর সমীক্ষা চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, কমিটিকে রিপোর্ট জমা দেওয়ার জন্য মাত্র চার সপ্তাহের সময়সীমা দেওয়া হয়েছে।
আগামী আগস্টের ‘ক্রান্তি মাসে’ কমিটির চূড়ান্ত সুপারিশ হাতে পাওয়ার পরেই বিধানসভায় ‘অভিন্ন দেওয়ানি বিধি বিল’ পেশ করা হবে এবং তা দ্রুত সমগ্র পশ্চিমবঙ্গে কার্যকর করা হবে। তিনি আরও বলেন, নির্বাচনী সংকল্পপত্রে তাঁরা বাংলায় ইউসিসি কার্যকরের প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা তাঁরা পূরণ করতে চলেছেন।








