ব্যুরো নিউজ, ২৯ জুন ২০২৬ঃ বিশ্বের অন্যতম বৃহৎ তামাক সংস্থা ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (BAT) এক বিশাল পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। এর ফলে সংস্থার প্রায় ২০ শতাংশ কর্মী প্রভাবিত হবেন। সরাসরি ৫,৫০০ কর্মীর চাকরি যাবে এবং থার্ড পার্টির মাধ্যমে নিযুক্ত আরও ৩,৫০০ পদ প্রভাবিত হবে, যা মোট ৯,০০০ কর্মীর জীবনে অনিশ্চয়তা তৈরি করবে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, খরচ কমানো, মুনাফা বৃদ্ধি এবং প্রযুক্তি-নির্ভর ব্যবসা গড়ে তোলাই এই পুনর্গঠনের মূল লক্ষ্য। এর অংশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক নতুন কর্মপদ্ধতির উপর জোর দেওয়া হচ্ছে।
সংস্থার সিইও টাডেউ মারোকো এক বিবৃতিতে জানিয়েছেন, এই সিদ্ধান্তে বহু সহকর্মী প্রভাবিত হলেও, তাঁদের প্রতি যথাযথ সম্মান ও সহানুভূতি রেখেই পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তিনি আরও বলেন, এর ফলে সংস্থা আরও গতিশীল হবে এবং খরচের উপর নিয়ন্ত্রণ বাড়বে। গত কয়েক বছরে BAT তাদের বিক্রি ও মুনাফার লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়েছে। প্রচলিত তামাকজাত পণ্যের বাজার ক্রমশ সংকুচিত হওয়ায় সংস্থা এখন Vuse ই-সিগারেট এবং Velo নিকোটিন পাউচের মতো বিকল্প পণ্যের উপর জোর দিচ্ছে। তবে এই ক্ষেত্রেও ফিলিপ মরিস ইন্টারন্যাশনালের মতো প্রতিদ্বন্দ্বীদের থেকে পিছিয়ে রয়েছে BAT।
আমেরিকার কঠোর নিয়ন্ত্রক বিধি, চিনের বেআইনি ভেপিং পণ্যের বাজার দখল এবং উচ্চ জীবনযাত্রার ব্যয়ের কারণে কম দামের ব্র্যান্ডের দিকে গ্রাহকদের ঝুঁকে পড়া— এই সব মিলিয়ে সংস্থার ব্যবসায় চাপ সৃষ্টি হচ্ছে। অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মতো দেশে কর বৃদ্ধিও পরিস্থিতিকে আরও জটিল করেছে।








