অস্তিত্ব সংকটে জয়ললিতার দল! ২ মাসে ইস্তফা ছয় বিধায়কের, নেপথ্যে কোন সমীকরণ?

তামিলনাড়ুতে জয়ললিতার দল এআইএডিএমকে গভীর সংকটে। মাত্র দু'মাসে ছয়জন বিধায়ক দল ছেড়েছেন। পালানিস্বামীর নেতৃত্বে ভাঙন অব্যাহত, অস্তিত্ব টিকিয়ে রাখাই এখন চ্যালেঞ্জ।

Share:

ব্যুরো নিউজ, ২৯ জুন ২০২৬ঃ তামিলনাড়ুতে জয়ললিতার দল এআইএডিএমকে (AIADMK) বর্তমানে এক গভীর অস্তিত্ব সংকটের মুখে। গত দু’মাসে এই দল থেকে মোট ছয়জন বিধায়ক ইস্তফা দিয়েছেন, যা দলের ভবিষ্যৎ নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। সোমবার এম আর বিজয়ভাস্কর তাঁর পদত্যাগপত্র বিধানসভার স্পিকারের কাছে জমা দেন এবং তা গৃহীতও হয়। বিজয়ভাস্কর দলের শীর্ষনেতৃত্ব, বিশেষত কে পালানিস্বামীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন।

সূত্রের খবর, তিনি শীঘ্রই বিজয়ের দল টিভিকে-তে (TVK) যোগ দিতে চলেছেন। এবারের বিধানসভা নির্বাচনে তৃতীয় স্থান অধিকার করার পর থেকেই এআইএডিএমকে-তে ভাঙন শুরু হয়েছে। বর্তমানে তাদের বিধায়ক সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪১-এ। রাজনৈতিক মহলের ধারণা, আগামী দিনে আরও বেশ কয়েকজন বিধায়ক দল ছাড়তে পারেন। এআইএডিএমকের অভিযোগ, তামিলনাড়ুতে দল ভাঙানোর খেলায় মেতেছে বিজয়ের দল টিভিকে, যার লক্ষ্য বিরোধীদের দুর্বল করা।

যদিও টিভিকে এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে যে, পালানিস্বামীর নেতৃত্বেই অসন্তুষ্ট বিধায়করা দল ছাড়ছেন। ইস্তফা দেওয়া ছয় বিধায়কের মধ্যে চারজন ইতিমধ্যেই টিভিকে-তে যোগ দিয়েছেন এবং বাকি দু’জনও একই পথে হাঁটছেন বলে খবর। একসময়ের শাসকদলের কাছে এখন তামিল রাজনীতিতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।