২১ জুলাইয়ের আগে ধর্মতলায় জারি ১৬৩ ধারা, ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে পারবে না তৃণমূল

কলকাতা পুলিশ কমিশনারের নির্দেশে ধর্মতলায় ২১ জুলাইয়ের সমাবেশ নিয়ে তৃণমূলকে বড় ধাক্কা। ভিক্টোরিয়া হাউসের সামনে জারি হল ১৬৩ ধারা, ৬০ দিন নিষিদ্ধ জমায়েত।

Share:

ব্যুরো নিউজ, ৩০ জুন ২০২৬ঃ কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা মঙ্গলবার একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছেন, যার ফলে তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশ নিয়ে বড় ধাক্কা খেল শাসকদল। ভিক্টোরিয়া হাউসের সামনে এই বছর শহিদ দিবস পালন করা যাবে না। প্রতি বছর ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাই শহিদ সমাবেশ করে তৃণমূল। কিন্তু এবার ওই চত্বরে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা (যা পূর্বে ১৪৪ ধারা নামে পরিচিত ছিল) জারি করল কলকাতা পুলিশ। আগামী ৬০ দিন এই ধারা বলবৎ থাকবে, অর্থাৎ ২ জুলাই থেকে ৩০ অগস্ট পর্যন্ত কোনও জমায়েত করা যাবে না।

পুলিশ কমিশনার অজয় নন্দা বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, বিশ্বস্ত সূত্র মারফত তাঁদের কাছে খবর এসেছে যে, হিংসাত্মক বিক্ষোভ (violent demonstration) হতে পারে। এর জেরে শান্তিশৃঙ্খলা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এই কারণেই ২ জুলাই থেকে ৩০ অগস্ট পর্যন্ত ১৬৩ ধারা বলবৎ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশে বলা হয়েছে, বউবাজার থানা এলাকা, হেয়ার স্ট্রিট থানা এলাকা, কলকাতা ট্র্যাফিক পুলিশের হেড কোয়ার্টার গার্ড এবং কেসি দাসের মোড় থেকে ভিক্টোরিয়া হাউস (CESC সদর দপ্তর) পর্যন্ত এই ধারা কার্যকর থাকবে।

এর ফলে মধ্য কলকাতার এই সব চত্বরে লোকসমাগম, জমায়েত, মিটিং মিছিল, বিক্ষোভ প্রদর্শন বা অবস্থান বিক্ষোভ করা যাবে না। তবে এই নিষেধাজ্ঞা বেন্টিঙ্ক স্ট্রিটের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এই কড়া পদক্ষেপের ফলে তৃণমূলের ঐতিহ্যবাহী ২১ জুলাইয়ের সমাবেশ অন্য জায়গায় করতে হবে অথবা এর প্রকৃতি পরিবর্তন করতে হবে।