ব্যুরো নিউজ, ৩০ জুন ২০২৬ঃ বাদল অধিবেশনের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় রদবদল নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ এবং প্রশাসনিক সংস্কার নিয়ে মন্ত্রকের সচিবদের সঙ্গে বৈঠকের পর এই সম্ভাবনা আরও জোরালো হয়। তবে বিজেপির অন্দরমহল এবং প্রশাসনিক আধিকারিকদের একাংশ মনে করছেন, বাদল অধিবেশনের আগে হাতে যে সময় আছে, তার মধ্যে এই রদবদল সেরে ফেলা কার্যত সম্ভব নয়।
সরকারি সূত্রে খবর, সংসদের আসন্ন অধিবেশনে লোকসভার আসন পুনর্বিন্যাস (ডিলিমিটেশন) এবং ‘এক দেশ এক ভোট’ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিল পাশ করানোর ব্যাপারে বেশি আগ্রহী কেন্দ্রের শাসকদল। গত এপ্রিল মাসে মহিলা সংরক্ষণ আইন সংশোধনের নামে লোকসভার আসন পুনর্বিন্যাসের কৌশল নিয়েছিল সরকার, যা বিরোধীদের অসম্মতির কারণে সফল হয়নি। এবার যাতে সে রকম পরিস্থিতি তৈরি না হয়, তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। সংশ্লিষ্ট মহলের একাংশের দাবি, এই সময়ে মন্ত্রিসভার সম্প্রসারণ হলে বাদ পড়া মন্ত্রীদের মধ্যে ক্ষোভ জন্মাবে, যা সংসদে বিল নিয়ে ভোটাভুটিতে প্রভাব ফেলতে পারে। তাই মন্ত্রিসভার রদবদল পিছিয়ে দিলে বিলের পক্ষে বেশি সমর্থন জোগাড়ের রাস্তা খোলা থাকবে।
প্রধানমন্ত্রী মোদীরও বাদল অধিবেশনের আগে একাধিক কর্মসূচি রয়েছে, যার মধ্যে জাপানের প্রধানমন্ত্রীর ভারত সফর এবং ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সফর উল্লেখযোগ্য। এই ব্যস্ততার কারণেও রদবদল সম্ভব নয়। তাই আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসে মন্ত্রিসভার সম্প্রসারণ হতে পারে বলেই মনে করছেন অনেকে। আসন পুনর্বিন্যাস বিল পাশই এখন সরকারের প্রধান অগ্রাধিকার।








