নিউজ ব্যুরো, ৩০ জুন ২০২৬: জঙ্গলমহলের সামগ্রিক উন্নয়নে ১২০০ কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মঙ্গলবার বাঁকুড়ায় হুল দিবসের সরকারি অনুষ্ঠান থেকে এই বড় ঘোষণা করেন তিনি। একইসঙ্গে, আদিবাসী বয়স্ক মহিলাদের জন্য ‘জয় জোহার’ প্রকল্পে মাসিক ভাতা ১০০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা এবং হস্টেলে থাকা আদিবাসী পড়ুয়াদের মাসিক ভাতা ১৮০০ টাকা থেকে বাড়িয়ে ৩৩০০ টাকা করার কথাও জানান মুখ্যমন্ত্রী। এই পদক্ষেপগুলি জঙ্গলমহলের আদিবাসী সমাজের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী বলেন, তাঁর সরকার জঙ্গলমহলের ৭৫টি ব্লকের উন্নয়নে এই বিপুল অর্থ বরাদ্দ করেছে। তিনি বিগত তিন বছরে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক টাকাও দেননি বলে অভিযোগ করেন। শুভেন্দুবাবু জানান, ২০২৫-’২৬ অর্থবর্ষে মাত্র ৬ কোটি টাকার কাজ হয়েছিল জঙ্গলমহলে, যা তাঁর সরকার এবার ১২০০ কোটি টাকায় উন্নীত করেছে। স্বাস্থ্যকেন্দ্র সাজানো, জল সরবরাহ এবং কমিউনিটি হল নির্মাণের মতো একাধিক বৃহৎ পরিকল্পনা রয়েছে সরকারের।
তিনি জামশেদপুর ও দুর্গাপুর শিল্পনগরীকে যুক্ত করে পুরুলিয়া ও বাঁকুড়াকে উন্নয়নের চরম শিখরে নিয়ে যাওয়ার কথাও বলেন। মুকুটমণিপুরকে আদর্শ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলারও প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। এছাড়াও, বুধবার পয়লা জুলাই থেকে ‘অন্নপূর্ণা যোজনা’য় রাজ্যের ১ কোটি ২০ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩০০০ টাকা করে জমা পড়বে বলেও ঘোষণা করেন তিনি। ভুয়ো জাতিগত শংসাপত্র এবং ‘লক্ষ্মী’ অ্যাকাউন্টে ৪৫০ কোটি টাকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর তদন্তের হুঁশিয়ারিও দেন মুখ্যমন্ত্রী।








