তৃণমূলের অ্যাকাউন্টে কত টাকা? মঙ্গলবারের মধ্যে তথ্য চাইল কলকাতা হাইকোর্ট

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, তা মঙ্গলবারের মধ্যে জানাতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। দলের ৪৪০ কোটি টাকার তহবিল নিয়ে আইনি লড়াই তুঙ্গে।

Share:

 ব্যুরো নিউজ, ২ জুলাই ২০২৬ঃ কলকাতা হাইকোর্ট তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা টাকার পরিমাণ জানতে চেয়ে নির্দেশ দিয়েছে। আগামী মঙ্গলবারের মধ্যে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে এই সংক্রান্ত সমস্ত তথ্য হলফনামা আকারে জমা দিতে হবে। বিচারপতি সৌগত ভট্টাচার্য এই নির্দেশ দিয়েছেন। এই মামলার পরবর্তী শুনানি আগামী বুধবার। বিধানসভা নির্বাচনের পর থেকেই তৃণমূল কংগ্রেসের মধ্যে বিভাজন স্পষ্ট হয়েছে। একদিকে কালীঘাট (মমতা বন্দ্যোপাধ্যায়) শিবির, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন গোষ্ঠী।

এই পরিস্থিতিতে দলের তিনটি গুরুত্বপূর্ণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাওয়ায় কালীঘাট শিবির চরম অস্বস্তিতে পড়েছে। দলের তহবিলের উপর কার অধিকার থাকবে, তা নিয়েই মূলত আইনি লড়াই চলছে। মামলার শুনানিতে পুলিশ এবং রাজ্য সরকারকেও পক্ষ করা হয়েছে। পুলিশকেও তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, দলের প্রায় ৪৪০ কোটি টাকার এই বিপুল তহবিল নিয়ে মমতা পন্থী বনাম ঋতব্রত পন্থীদের মধ্যে রাজনৈতিক টানাপড়েন তুঙ্গে। তৃণমূলের প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস এইচডিএফসি ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়ে অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবি জানান।

এর পাশাপাশি ঋতব্রত শিবিরের ১০ জন বিধায়কও পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন, যেখানে তাঁরা দলের ৪৪০ কোটি টাকার উৎসে এবং লেনদেনে স্বচ্ছতা না থাকার অভিযোগ তোলেন। এই অভিযোগের ভিত্তিতেই ব্যাঙ্ক ও পুলিশ দ্রুত পদক্ষেপ করে অ্যাকাউন্টগুলি ফ্রিজ করে। হাইকোর্টের এই নির্দেশ রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি করেছে।