আর জি কর কাণ্ডে বিস্ফোরক মোড়: মমতার নির্দেশে অভয়ার ভিসেরা নষ্টের অভিযোগ!

আর জি কর কাণ্ডে অভয়ার ভিসেরা নষ্টের বিস্ফোরক অভিযোগ। ফরেন্সিক আধিকারিকের চিঠিতে মমতার নির্দেশের দাবি। সিবিআই তদন্তের আর্জি জানাল পরিবার।

Share:

ব্যুরো নিউজ, ২ জুলাই ২০২৬ঃ আর জি কর কাণ্ডে তরুণী চিকিৎসক অভয়ার ভিসেরা নমুনা নষ্ট করা হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ উঠেছে। এক ফরেন্সিক আধিকারিকের দাবি, খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই নাকি রাজ্য ফরেন্সিক ল্যাবে এই কাজ সম্পন্ন হয়েছে। এই চাঞ্চল্যকর তথ্য জানিয়ে অভয়ার বাবাকে একটি চিঠি দিয়েছেন ওই আধিকারিক। নিহত চিকিৎসকের বাবা-মা শুরু থেকেই অভিযোগ করে আসছিলেন যে, তাঁদের মেয়ের মৃত্যুর ঘটনায় একাধিক নথি ও তথ্যপ্রমাণ বিকৃত করা হয়েছে। এবার সেই অভিযোগেই সিলমোহর পড়ল বলে মনে করা হচ্ছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, অভয়ার শরীর থেকে নেওয়া লিভার, কিডনি এবং পাকস্থলীর ভিসেরা নমুনা বদলে ফেলা হয়। তরুণী চিকিৎসককে বিষ প্রয়োগ করা হয়েছিল কিনা বা তাঁকে ঘুমের ওষুধ খাইয়ে নিস্তেজ করা হয়েছিল কিনা, তা জানতে এই নমুনাগুলি সংগ্রহ করা হয়েছিল। তবে অভিযোগ, রাজ্য ফরেন্সিক ল্যাবে তিন আধিকারিক এই গুরুত্বপূর্ণ নমুনা সম্পূর্ণ নষ্ট করে দেন। এরপর ‘নষ্ট’ হওয়া সেই নমুনাই নাকি সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়।

শুধু অভয়া নন, বিজেপি ও সিপিএম কর্মীদের ভিসেরার নমুনাও একইভাবে নষ্ট করা হয়েছে বলে ওই চিঠিতে দাবি করা হয়েছে। এই চিঠি হাতে পেয়ে হতবাক হয়েছেন নির্যাতিতার বাবা। তিনি জানিয়েছেন, শিয়ালদহ আদালতের বিচারকের কাছে এই চিঠি জমা দেওয়ার কথা ভাবছেন তাঁরা। পাশাপাশি, অবিলম্বে সিবিআইকে এই চিঠির সত্যতা খতিয়ে দেখার নির্দেশ দেওয়ারও আর্জি জানিয়েছেন তিনি। এই অভিযোগের পর আর জি কর কাণ্ডে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।