চিংড়িঘাটা ফ্লাইওভার বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার, ৩-৬ জুলাই স্বাভাবিক যান চলাচল

৩ থেকে ৬ জুলাই চিংড়িঘাটা ফ্লাইওভার বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করল কলকাতা পুলিশ। মেট্রোর কাজের জন্য ঘোষিত এই সাময়িক বন্ধের বদলে স্বাভাবিক থাকবে যান চলাচল।

Share:

ব্যুরো নিউজ, ২ জুলাই ২০২৬ঃ চিংড়িঘাটা ফ্লাইওভার বন্ধ রাখার পূর্বঘোষিত সিদ্ধান্ত প্রত্যাহার করে নিল কলকাতা পুলিশ। আগামী ৩ থেকে ৬ জুলাই পর্যন্ত এটি বন্ধ থাকার কথা থাকলেও, শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করা হয়েছে। ফলে ওই চার দিন চিংড়িঘাটা ফ্লাইওভার দিয়ে যান চলাচল স্বাভাবিক থাকবে। নিত্যযাত্রীদের জন্য এটি নিঃসন্দেহে স্বস্তির খবর। মেট্রো রেলের কাজের সুবিধার জন্য কলকাতা পুলিশ গত মাসেই একটি নির্দেশিকা জারি করেছিল।

সেই নির্দেশিকা অনুযায়ী, দু’দফায় ফ্লাইওভার বন্ধ রাখার কথা ছিল। প্রথম দফায় ২৬ জুন থেকে ২৯ জুন পর্যন্ত কাজ সম্পন্ন হয়েছে। দ্বিতীয় দফায় ৩ জুলাই শুক্রবার রাত ৮টা থেকে ৬ জুলাই সোমবার সকাল ৮টা পর্যন্ত ফ্লাইওভার বন্ধ রাখার কথা ছিল। তবে প্রশাসনিক কিছু কারণে এই দ্বিতীয় দফার বন্ধের সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। দীর্ঘদিন আটকে থাকা চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজ সম্প্রতি গতি পেয়েছে। দু’দফায় মেট্রো লাইন জোড়ার অধিকাংশ কাজই ১২০ ঘণ্টারও কম সময়ে সফলভাবে সম্পন্ন হয়েছে।

ফ্লাইওভার বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার হলেও, ভবিষ্যতে চিংড়িঘাটা ক্রসিংয়ের পূর্বদিকে পিলারের মধ্যে কংক্রিট ডেক বসানোর জন্য একটি ৬০ মিটার নতুন রাস্তা তৈরির পরিকল্পনা রয়েছে। সল্টলেক বাইপাসের খালের পাশ দিয়ে এই রাস্তা তৈরি হতে পারে। কলকাতা পুলিশ ও আরভিএনএল ইতিমধ্যেই জায়গা চিহ্নিতকরণের জন্য পরিদর্শন করেছে।