শ্রমিকদের আর্থিক সুরক্ষায় বড় পদক্ষেপ: ১ জুলাই থেকে রাজ্যে নতুন ন্যূনতম মজুরি কাঠামো কার্যকর, ঘোষণা শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের

পশ্চিমবঙ্গে ১ জুলাই থেকে কার্যকর হল নতুন ন্যূনতম মজুরি কাঠামো। শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের ঘোষণা, শ্রমিকদের আর্থিক নিরাপত্তা ও জীবনযাত্রার মানোন্নয়নে এই পদক্ষেপ।

Share:

ব্যুরো নিউজ, ২ জুলাই ২০২৬ঃ শ্রমিকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে ১ জুলাই থেকে রাজ্যজুড়ে কার্যকর হল নতুন ন্যূনতম মজুরি কাঠামো। রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং সমাজমাধ্যমে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। মেহনতি মানুষের কল্যাণে শিল্প ও পরিষেবা ক্ষেত্রের লক্ষ লক্ষ শ্রমিকের আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই পদক্ষেপ। শ্রমমন্ত্রী তাঁর পোস্টে জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘সোনার বাংলা’ গড়ার স্বপ্ন এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যের মেহনতি মানুষের পরিশ্রমের যথাযথ মর্যাদা দিতেই এই পদক্ষেপ করা হয়েছে। এই নতুন মজুরি পরিকাঠামো শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে এক নতুন দিগন্ত খুলে দেবে বলে আশাবাদী প্রশাসন।

প্রশাসনিক ও ভৌগোলিক সুবিধার জন্য রাজ্যকে মূলত দুটি জোনে ভাগ করা হয়েছে – জোন ‘এ’ এবং জোন ‘বি’। জোন ‘এ’-এর পরিধির মধ্যে রাখা হয়েছে রাজ্যের সমস্ত পুরসভা এলাকা, নোটিফায়েড অঞ্চল, বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষের অধীনস্থ অঞ্চল এবং তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন টাউনশিপগুলিকে, যা মূলত শিল্প ও শহরাঞ্চলকে কভার করে। অন্যদিকে, জোন ‘এ’-এর নির্দিষ্ট এলাকাগুলি বাদ দিয়ে গ্রামীণ বাংলাসহ রাজ্যের অন্যান্য সমস্ত অঞ্চলকে জোন ‘বি’-এর অন্তর্ভুক্ত করা হয়েছে। অদক্ষ, অর্ধদক্ষ, দক্ষ এবং অতিদক্ষ – এই চারটি শ্রেণিতে শ্রমিকদের জন্য নতুন মাসিক ও দৈনিক মজুরি নির্ধারণ করা হয়েছে, যা তাদের কাজের প্রকৃতির উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন হারে প্রযোজ্য হবে।

শ্রমমন্ত্রী অর্জুন সিং নতুন এই মজুরি কাঠামোর সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করে বলেছেন, “শ্রমিকের ঘাম ও পরিশ্রমের ন্যায্য মূল্য নিশ্চিত করাই একটি উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভর সমাজ গঠনের অন্যতম প্রধান ভিত্তি।” এই নতুন ন্যূনতম মজুরি কাঠামো শ্রমজীবী মানুষের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা বৃদ্ধির পাশাপাশি রাজ্যের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। এই সিদ্ধান্ত রাজ্যের শ্রমজীবী মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।