ব্যুরো নিউজ, ২ জুলাই ২০২৬ঃ টলিউডে ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যান্ড কালচারাল কনফেডারেশন (EIMPCC) ঘিরে বিতর্ক যেন থামছেই না। এবার এই বিতর্কের আগুনে নতুন করে ঘি ঢালল একটি ফেসবুক ভিডিও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে টালিগঞ্জের বিধায়ক তথা অভিনেত্রী পাপিয়া অধিকারীর একটি ‘নাগিন ডান্স’ ভিডিও, যা EIMPCC-এর অফিসিয়াল ফেসবুক পেজেই পোস্ট করা হয়েছিল। এই ভিডিও সামনে আসতেই কনফেডারেশনের কার্যকারিতা এবং উদ্দেশ্য নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে। গত কয়েকদিন ধরেই EIMPCC-এর অস্তিত্ব নিয়ে টলিউডে তুমুল আলোচনা চলছে।
রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন, বিজেপি কাউকে এমন কোনও কনফেডারেশন গড়ে তোলার দায়িত্ব দেয়নি। একইসঙ্গে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরও এই সংগঠনের অস্তিত্ব স্বীকার করেনি। এর মধ্যেই অভিযোগ ওঠে, যে সংগঠনের অস্তিত্ব নিয়েই প্রশ্ন, তার সদস্যপদের ফর্ম বিলি হচ্ছে বিজেপির দলীয় কার্যালয় থেকে। যদিও পাপিয়া অধিকারী তখন জানিয়েছিলেন, ফর্ম বিলিকারীদের নিজস্ব জায়গা না থাকায় বিজেপির অফিস ব্যবহার করা হয়েছে। ভাইরাল হওয়া ‘নাগিন ডান্স’ ভিডিওটি প্রায় এক বছর আগে পোস্ট করা হয়েছিল। তবে নতুন করে বিতর্ক সামনে আসতেই এটি আবার চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
শুধু এই ভিডিওই নয়, EIMPCC-এর ফেসবুক পেজে অভিনয়, নাচ, গান ও যোগার তিন মাসের কোর্সে ভর্তির প্রচার এবং ২ BHK ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপনও নজরে এসেছে। এসব বিষয়ে পাপিয়া অধিকারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “অভিনেত্রী সংঘের পোস্ট ইস্টার্ন ইন্ডিয়ায় ঢুকে গিয়েছে। আমি দেখে নিচ্ছি।” তবে এই ব্যাখ্যায় কৌতূহল কমেনি। টলিউডের অন্দরমহলে এখন প্রশ্ন, একটি কনফেডারেশনের অফিসিয়াল পেজে এমন ধরনের বিষয়বস্তু কীভাবে প্রকাশিত হল এবং এর সঙ্গে সংগঠনের সম্পর্ক কতটা। এই ভাইরাল ভিডিও যেন চলমান বিতর্কে আরও কিছু অমীমাংসিত প্রশ্ন জুড়ে দিল।








