ব্যুরো নিউজ, ২ জুলাই ২০২৬ঃ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি (UCC) চালুর পথে আরও এক ধাপ এগোল সরকার। ইউসিসির খসড়া বিল তৈরির জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের প্রস্তাবে বুধবার রাজ্য মন্ত্রিসভার অনুমোদন মিলেছে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে এই কমিটি গঠিত হবে বলে জানা গেছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, কমিটির সুপারিশের ভিত্তিতে তৈরি হওয়া ইউসিসি বিল আগামী অগস্ট মাসের বাদল অধিবেশনেই বিধানসভায় পেশ করা হতে পারে।
গত সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ইউসিসি-র খসড়া বিল তৈরির জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে। এই কমিটিতে বিচারপতি দেশাই ছাড়াও একজন অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক, একজন আইন বিশেষজ্ঞ, একজন শিক্ষাবিদ, একজন সমাজকর্মী এবং রাজ্য সরকারের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের একজন অতিরিক্ত সচিব থাকবেন। ওই অতিরিক্ত সচিবই কমিটির প্রশাসনিক সচিবের দায়িত্ব সামলাবেন। কমিটি রাজ্যে প্রচলিত বিভিন্ন ব্যক্তিগত ও পারিবারিক আইন নিয়ে বিস্তৃত সমীক্ষা চালাবে।
বিবাহ, বিবাহবিচ্ছেদ, ভরণপোষণ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ এবং লিভ-ইন সম্পর্ক-সহ একাধিক বিষয়ে বিদ্যমান আইনি কাঠামো পর্যালোচনা করা হবে। পাশাপাশি সাংবিধানিক দিক, সামাজিক প্রভাব এবং প্রশাসনিক বাস্তবতা খতিয়ে দেখে প্রয়োজনীয় সুপারিশও করবে কমিটি। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, গুজরাট, উত্তরাখণ্ড ও অসমের পর পশ্চিমবঙ্গও এই পথে হাঁটছে এবং আদিবাসী ও জনজাতি সম্প্রদায়কে এই আইনের আওতার বাইরে রাখা হবে। এদিনের মন্ত্রিসভার বৈঠকে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন অফ বার্থস অ্যান্ড ডেথস (অ্যামেন্ডমেন্ট) রুলস, ২০২৬’-এর খসড়াও অনুমোদন করা হয়েছে।








