ব্যুরো নিউজ, ২ জুলাই ২০২৬ঃ ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর মহালড়াইয়ের সূচি চূড়ান্ত হয়ে গেল। নকআউট পর্বের উত্তেজনা ক্রমশ বাড়ছে, আর তার মাঝেই প্রকাশ পেল ১৬ দলের লড়াইয়ের সম্পূর্ণ সময়সূচি। ইতিমধ্যেই দশটি দল শেষ ষোলোয় নিজেদের জায়গা পাকা করে ফেলেছে। কানাডা, মরক্কো, প্যারাগুয়ে, ফ্রান্স, ব্রাজিল, নরওয়ে, মেক্সিকো, ইংল্যান্ড, আমেরিকা এবং বেলজিয়াম এই দশটি দলের মধ্যে অন্যতম। বাকি ছয়টি স্থানের জন্য এখনও লড়াই চলছে, যা ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন উন্মাদনা সৃষ্টি করেছে। শেষ বত্রিশের পর্বে একাধিক নাটকীয় লড়াই দেখা গেছে।
চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিদায় ছিল সবচেয়ে বড় অঘটন, যারা টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। একইভাবে মরক্কোর কাছে শুটআউটে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে নেদারল্যান্ডসেরও। অন্যদিকে, সেনেগালের বিরুদ্ধে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে শিরোনামে এসেছে বেলজিয়াম। নির্ধারিত সময়ের ৮৬ মিনিট পর্যন্ত ২-০ পিছিয়ে থেকেও রোমেল লুকাকু ও ইউরি টিলেমান্সের গোলে সমতা ফিরিয়ে অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে জয় ছিনিয়ে নেয় তারা। এই ঐতিহাসিক জয়ের সুবাদে শেষ ষোলোয় আমেরিকার মুখোমুখি হবে বেলজিয়াম।
সূচি অনুযায়ী, ৪ জুলাই রাত ১০টা ৩০ মিনিটে হিউস্টনে কানাডা ও মরক্কো মুখোমুখি হবে। পরদিন, ৫ জুলাই ভোর ২টা ৩০ মিনিটে ফিলাডেলফিয়ায় খেলবে প্যারাগুয়ে ও ফ্রান্স। ৬ জুলাই ভোর ১টা ৩০ মিনিটে ইস্ট রাদারফোর্ডে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে। একই দিনে ভোর ৫টা ৩০ মিনিটে মেক্সিকো সিটিতে বহুল প্রতীক্ষিত মেক্সিকো বনাম ইংল্যান্ড ম্যাচটি অনুষ্ঠিত হবে। ৭ জুলাই সিয়াটলে আমেরিকার প্রতিপক্ষ বেলজিয়াম। শেষ ষোলোর পর ১০ থেকে ১২ জুলাইয়ের মধ্যে চারটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। ফুটবলপ্রেমীরা এখন থেকেই এই মহাযুদ্ধের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।








