তোলাবাজি মামলায় দেবরাজ চক্রবর্তীর ৭ দিনের পুলিশ হেফাজত, আসছে আরও বড় অভিযোগের পাহাড়

তোলাবাজি মামলায় বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর ৭ দিনের পুলিশ হেফাজত। আরও বড় অভিযোগের আশঙ্কা।

Share:

ব্যুরো নিউজ, ২ জুলাই ২০২৬ঃ বারাসত আদালত বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার তোলাবাজির একটি মামলায় এই নির্দেশ দেওয়া হয়। ৩০ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে মামলাটি দায়ের হয়েছিল। পুলিশ ও আইনজীবী সূত্রে খবর, এই মামলার পর দেবরাজের বিরুদ্ধে আরও বেশি অঙ্কের তোলাবাজির অভিযোগ আসতে চলেছে।

সূত্রের খবর, বর্তমান মামলার অভিযোগকারী জানিয়েছেন যে, নির্মাণ কাজে বাধা দিয়ে দেবরাজ ৩০ লক্ষ টাকা দাবি করেছিলেন এবং কিছু টাকা দেওয়াও হয়েছিল। এই ঘটনায় পুলিশ ১০ দিনের হেফাজত চাইলেও আদালত ৭ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করে। দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে তোলাবাজি ও টাকা চেয়ে হুমকি দেওয়ার আরও একাধিক অভিযোগ রয়েছে। সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় জানান, দেবরাজের বিরুদ্ধে আরও বড় অঙ্কের তোলাবাজির মামলা আছে, যা বর্তমান হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর আদালতে তোলা হবে। আদালত সূত্রে জানা গিয়েছে, দেবরাজের বিরুদ্ধে একাধিক থানায় আরও নানা মামলা রয়েছে। এ দিনের মামলায় অভিযোগকারীর গোপন জবানবন্দি নেওয়া হয়েছে।

পুলিশ মনে করছে, সংগঠিত ভাবে অপরাধ চক্র চালানো হতো। বুধবার রাতে পুরুলিয়া-ঝাড়খণ্ড সীমানা লাগোয়া এলাকা থেকে কড়া নিরাপত্তার ঘেরাটোপে দেবরাজকে গ্রেপ্তার করা হয়। বারাসত আদালতে তাকে লক্ষ্য করে ডিম হামলাও হয়। প্রোমোটার কিশোর হালদার দেবরাজের গ্রেপ্তারে স্বস্তি প্রকাশ করে জানিয়েছেন, ২০২৪ সালের ডিসেম্বরে দেবরাজ ও তার দলবল তাকে মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছিল। ইডি-র নজরেও রয়েছেন দেবরাজ।