ব্যুরো নিউজ, ৭ জুলাই ২০২৬ : পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের মাত্র দু’মাসের মাথায় তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে ‘ডবল ইঞ্জিন’ সরকারের ১৫টি তথাকথিত ‘সাফল্য’-এর তালিকা দিয়ে তিনি অভিযোগ করেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে প্রায় ১ কোটি প্রকৃত উপভোক্তার নাম বাদ দেওয়া হয়েছে। শিশুদের মিড-ডে মিল থেকে ডিম ছাঁটাই করে নিরামিষ খাবার দেওয়া হচ্ছে, যা তাদের প্রোটিনের উৎস থেকে বঞ্চিত করছে।
ডায়মন্ড হারবারের সাংসদ আরও অভিযোগ করেন, রাজ্যে বুলডোজার রাজনীতি চলছে, হকার ও প্রান্তিক মানুষের ঘরবাড়ি ভেঙে জীবিকা ধ্বংস করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, বিগত দু’মাসে নাবালিকা-সহ অন্তত ১৪টি ধর্ষণের ঘটনা ঘটেছে। তিনি শাসকদলের বিরুদ্ধে তৃণমূলের সাংসদ ও বিধায়কদের জোর করে দল ভাঙানোর অভিযোগ এনেছেন। অভিষেকের দাবি, বিধানসভায় বিজেপি এমন একজনকে ‘প্রক্সি’ বিরোধী দলনেতা বানিয়েছে, যিনি রাজ্য বিজেপির নির্দেশেই পুতুলের মতো কাজ করছেন। তৃণমূলকে আর্থিক দিক থেকে পঙ্গু করে দিতে দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলেও তোপ দেগেছেন তিনি।
অভিষেক আরও বলেন, সিআইডি, ইডি, এসটিএফ এবং সিবিআই-এর মতো কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে বিরোধীদের বাড়িতে তল্লাশি ও নোটিশ পাঠানো হচ্ছে। যারা সরকারের ‘জুতো চাটছেন’ তাদের রাজ্য ও কেন্দ্রের নিরাপত্তা দেওয়া হচ্ছে, আর যারা মাথা নত করছেন না, তাদের নিরাপত্তা কেড়ে নেওয়া হচ্ছে। এই পোস্ট ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়েছে। অভিষেকের এই আক্রমণ বিজেপি-তৃণমূল সংঘাতকে নতুন মাত্রা দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।








