দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন: ১৭ জুলাই উদ্বোধন, জানুন ভাড়া ও গতিবেগ

দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন চালু হচ্ছে ১৭ জুলাই। হরিয়ানার জিন্দ-সোনিপত রুটে চলবে এই পরিবেশবান্ধব ট্রেন। জানুন ভাড়া, গতিবেগ ও অন্যান্য তথ্য।

Share:

ব্যুরো নিউজ, ৭ জুলাই ২০২৬:ভারতীয় রেলের মুকুটে যুক্ত হতে চলেছে নতুন পালক। আগামী ১৭ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করবেন। হরিয়ানার জিন্দ-সোনিপত রুটে এই ট্রেন চলাচল শুরু করবে। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের অধীনে লখনউ-ভিত্তিক আরডিএসও সংস্থা এই পরিবেশবান্ধব ট্রেনটির ডিজাইন ও নির্মাণ করেছে। সম্পূর্ণ হাইড্রোজেন ফুয়েল প্রযুক্তিতে চালিত এই ট্রেন একদিকে যেমন জ্বালানি সাশ্রয় করবে, তেমনই পরিবেশ দূষণ রোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

প্রাথমিকভাবে ট্রেনটির গতিবেগ থাকবে ঘণ্টায় প্রায় ৭৫ কিলোমিটার, তবে এটি সর্বোচ্চ ১১০ থেকে ১৪০ কিলোমিটার পর্যন্ত গতি তুলতে সক্ষম। এই বিশেষ ট্রেনে দুটি ১২০০ কিলোওয়াট ড্রাইভিং পাওয়ার ইউনিট এবং ৮টি যাত্রীবাহী কোচ থাকবে। একবার জ্বালানি ভরলে ট্রেনটি প্রায় ২৫০ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে।

যাত্রীদের জন্য সুখবর, এই ট্রেনের ভাড়া লোকাল ট্রেনের মতোই হবে। সর্বনিম্ন ৫ টাকা থেকে সর্বোচ্চ ২৫ টাকা পর্যন্ত ভাড়া ধার্য করা হয়েছে। জিন্দ থেকে সোনিপত পর্যন্ত ৯০ কিলোমিটারের এই যাত্রা মাত্র ১ ঘণ্টায় সম্পন্ন হবে, যা বর্তমানে ডিএমইউ ট্রেনের ২ ঘণ্টার যাত্রাপথকে অর্ধেক করে দেবে। ২৭টি হাইড্রোজেন সিলিন্ডার এবং ফায়ার ডিটেক্টর, সিসিটিভি ক্যামেরার মতো অত্যাধুনিক প্রযুক্তিও এতে ইনস্টল করা হয়েছে। ভারতীয় রেলের এই পদক্ষেপকে পরিচ্ছন্ন পরিবহনের এক বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।