ব্যুরো নিউজ, ৭ জুলাই ২০২৬: ফের বিতর্কের শিরোনামে মুর্শিদাবাদ। এবার প্রতিবন্ধী ভাতা নিয়ে গুরুতর অভিযোগ উঠল শাসকদল তৃণমূল কংগ্রেসের এক নেতার পরিবারের বিরুদ্ধে। অভিযোগ, সামশেরগঞ্জের পঞ্চায়েত সমিতির সদস্য অসিকুল ইসলামের পরিবারের অন্তত ১৫ জন সদস্য সুস্থ হওয়া সত্ত্বেও বছরের পর বছর ধরে সরকারি প্রতিবন্ধী ভাতা নিচ্ছেন। এই খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে এবং স্থানীয়দের মধ্যে তীব্র শোরগোল শুরু হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, অসিকুল ইসলামের স্ত্রী রেশমা লাইলা, তিন ছেলে মহম্মদ আদিল ইসলাম, মহম্মদ সাইফ ইসলাম ও সাজিদ ইসলাম সহ তাঁর ভাই, কাকা, ভাইপো এবং ভাইঝিদেরও প্রতিবন্ধী হিসেবে দেখানো হয়েছে। স্থানীয়দের দাবি, এই সদস্যদের কারোরই শারীরিক বা মানসিক কোনও প্রতিবন্ধকতা নেই। অথচ প্রকৃত প্রতিবন্ধীরা যখন সরকারি সাহায্যের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন, তখন কীভাবে এক রাজনৈতিক নেতার পরিবারের এতজন সদস্য এই সুবিধা পেলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসনের যাচাই প্রক্রিয়া নিয়েও আঙুল তুলছেন ক্ষুব্ধ সাধারণ মানুষ। যদিও অভিযুক্ত তৃণমূল নেতা অসিকুল ইসলাম সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তবে এই ঘটনা প্রশাসনের নজরে এসেছে এবং সঠিক তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।
উল্লেখ্য, রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকেই একাধিক কেলেঙ্কারি প্রকাশ্যে আসছে। নিয়োগ দুর্নীতি সহ বিভিন্ন ঘটনায় তৃণমূলের বিধায়ক, মন্ত্রী ও নেতাদের নাম জড়িয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হল প্রতিবন্ধী ভাতা কেলেঙ্কারি। দ্রুত এই বিষয়ে তদন্ত শুরু হবে বলে জানা গেছে।








