অশোকনগরে পরকীয়ার বলি বিবাহিতা তরুণী, পুকুর থেকে উদ্ধার পচাগলা দেহ, গ্রেফতার প্রেমিক

উত্তর ২৪ পরগনার অশোকনগরে পরকীয়ার জেরে খুন হলেন এক বিবাহিতা তরুণী। পুকুর থেকে পচাগলা দেহ উদ্ধারের পর প্রেমিককে গ্রেফতার করল পুলিশ। চাঞ্চল্য এলাকায়।

Share:

ব্যুরো নিউজ, ৭ জুলাই ২০২৬ : উত্তর ২৪ পরগনার অশোকনগরে পরকীয়ার জেরে এক বিবাহিতা তরুণীকে খুনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় তার প্রেমিক কুতুবউদ্দিন দফাদার ওরফে বাবলুকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, রীতিমতো পরিকল্পনা করে ঠান্ডা মাথায় এই খুন করা হয়েছে। গত ৩ জুলাই এই নৃশংস ঘটনাটি ঘটেছিল।

পুলিশ সূত্রে খবর, রিঙ্কু দাস নামে ওই তরুণীর বাড়ি অশোকনগরের কল্যাণগড় এলাকায়। গত ৩ জুলাই সন্ধ্যা থেকে তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবার থানায় নিখোঁজ ডায়েরি করে। এরপর সোমবার গুমা এলাকার একটি পুকুর থেকে রিঙ্কু দাসের পচাগলা মৃতদেহ উদ্ধার হয়। তার প্রাক্তন স্বামী সুজন দাস দেহটি শনাক্ত করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, রিঙ্কু দাসের সঙ্গে কুতুবউদ্দিন দফাদার ওরফে বাবলুর পরকীয়ার সম্পর্ক ছিল। খুনের দিন সকালে বাবলু রিঙ্কুকে বাইকে চাপিয়ে নৈহাটির বড়মা মন্দিরে পুজো দিতে নিয়ে যায়। পুজো দিয়ে ফেরার পর রাতে ফের তারা একসঙ্গে বের হয়।

অভিযোগ, গুমা এলাকার একটি নির্জন জায়গায় রিঙ্কুকে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে খুন করে বাবলু। এরপর দেহটি পুকুরে ফেলে দেয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ দ্রুত কুতুবউদ্দিনকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে খুনের কথা স্বীকার করেছে বলে জানা গেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ আরও খতিয়ে দেখছে, এই খুনের পেছনে অন্য কোনও কারণ বা আরও কেউ জড়িত আছে কিনা।