শনিবার কি ভিজবে কলকাতা? দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস

শনিবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গেও দুর্যোগ। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। বিস্তারিত জানুন আবহাওয়ার সর্বশেষ আপডেট।

Share:

ব্যুরো নিউজ, ১১ জুলাই ২০২৬ : রাজ্যের উপর বর্ষার প্রভাব অব্যাহত। গত কয়েকদিন ধরে কলকাতা-সহ সংলগ্ন এলাকায় প্রায় প্রতিদিনই বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। সক্রিয় মৌসুমি অক্ষরেখা ও একটি ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্য জুড়ে বর্ষার অনুকূল পরিস্থিতি বজায় রয়েছে। শনিবার সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রবিবারও বৃষ্টি হতে পারে এবং আগামী সপ্তাহে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.০ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের চেয়ে কম) এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের চেয়ে কম) রেকর্ড করা হয়েছে। দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বেশি। পূর্ব বর্ধমান, নদিয়া এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বীরভূম, হুগলি, উত্তর ২৪ পরগনা, হাওড়া-সহ একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।

অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির বিশেষ সতর্কতা রয়েছে। আগামী সপ্তাহেও ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।