রাজ্যে বিনিয়োগ টানতে ৬ মন্ত্রীর বিশেষ গোষ্ঠী, সেপ্টেম্বরে বাণিজ্য সম্মেলন

পশ্চিমবঙ্গে বিনিয়োগ টানতে ৬ মন্ত্রীর বিশেষ কমিটি গঠন, সেপ্টেম্বরে বাণিজ্য সম্মেলন। শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায়ের নেতৃত্বে প্রথম বৈঠক সোমবার।

Share:

 ব্যুরো নিউজ, ১১ জুলাই ২০২৬ : পশ্চিমবঙ্গে শিল্পায়নের গতি বাড়াতে এবং রাজ্যে নতুন বিনিয়োগ টানতে ছয় মন্ত্রীর একটি বিশেষ গোষ্ঠী গঠন করল রাজ্য সরকার। আগামী সেপ্টেম্বরে রাজ্যে একটি বৃহৎ বাণিজ্য সম্মেলন আয়োজনের প্রস্তুতি চলছে, যেখানে বিভিন্ন রাজ্য থেকে লগ্নি আসার বিষয়ে আশাবাদী নবান্ন। শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায়কে এই গোষ্ঠীর প্রধান করা হয়েছে।

অর্থ দপ্তর থেকে জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে, তাপস রায় ছাড়াও এই গোষ্ঠীতে রয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, পরিষদীয়মন্ত্রী শঙ্কর ঘোষ, উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং শ্রমমন্ত্রী অর্জুন সিং। আগামী সোমবার সকাল সাড়ে এগারোটায় নবান্নে অর্থ দপ্তরের কনফারেন্স রুমে এই মন্ত্রিগোষ্ঠীর প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। এই গোষ্ঠী মূলত রাজ্যে লগ্নির প্রস্তাব খতিয়ে দেখবে এবং শিল্পগোষ্ঠীগুলিকে রাজ্যে বিনিয়োগে উৎসাহিত করবে। সম্প্রতি হাওড়ার সাঁকরাইলে ৬০০ কোটি টাকা ব্যয়ে আমূলের বৃহত্তম দই কারখানার শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এছাড়াও শ্যাম স্টিল ও লাক্স কোজ়ির নতুন কারখানার শিলান্যাসও এই মাসেই হওয়ার কথা। বাম আমলের ইনসেনটিভ ফিরিয়ে আনার পাশাপাশি অতিরিক্ত ছাড় দিয়ে শিল্পায়নের অনুকূল পরিবেশ তৈরি করতে চাইছে রাজ্য। জমি সংক্রান্ত স্পষ্ট ধারণা এবং শিল্পগোষ্ঠীগুলিকে আকর্ষণ করার রূপরেখা এই বৈঠকে ঠিক হওয়ার কথা।