ব্যুরো নিউজ, ১১ জুলাই ২০২৬ঃ পশ্চিমবঙ্গকে গুজরাট ও তামিলনাড়ুর সমতুল্য ‘শিল্পবান্ধব’ রাজ্য হিসেবে গড়ে তোলার বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হুগলির ডানকুনিতে লাক্স কোজ়ি ইন্ডাস্ট্রির দ্বিতীয় ইউনিটের উদ্বোধনে এসে তিনি শিল্পায়নের ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, রাজ্যে শিল্পপতিদের জন্য জমির কোনও সমস্যা হবে না। সরকার ২০১৩ সালের জমি ক্রয় নীতি গ্রহণ করে ‘ডাইরেক্ট ল্যান্ড পারচেজ় পলিসি’ চালু করেছে, যার মাধ্যমে সরকার নিজেই জমি কিনে শিল্পপতিদের হস্তান্তর করবে। এর ফলে সিঙ্গুর-নন্দীগ্রামের মতো অতীতের তিক্ত অভিজ্ঞতার পুনরাবৃত্তি এড়ানো যাবে বলে তিনি আশ্বস্ত করেন। সবচেয়ে বড় ঘোষণাটি ছিল ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে স্থানীয় স্তরের অনুমোদনের প্রয়োজনীয়তা তুলে নেওয়া।
শুভেন্দু অধিকারী বলেন, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ স্তরে আর কোনও অনুমতির প্রয়োজন পড়বে না। তাঁর মতে, এই স্তরেই ‘দাদাগিরি’ ও ‘হেনস্থা’র মতো সমস্যাগুলি দেখা যায়, যা শিল্পপতিদের বিনিয়োগে বাধা সৃষ্টি করে। এই সমস্যা নিরসনে সরকার বদ্ধপরিকর এবং শিল্পপতিদের জন্য মসৃণ পথ তৈরি করতে চায়। মুখ্যমন্ত্রী আরও জানান, এই ধরনের বড় বিনিয়োগের জন্য একটি সুসংহত ‘সিঙ্গল উইন্ডো সিস্টেম’ চালু করা হবে। পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগম (WBIDC), ভূমি দফতর এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এক ছাতার তলায় প্রয়োজনীয় ছাড়পত্র ও অনুমোদন দেবে। গত সরকারের আমলে জমি সমস্যা, কাটমানি এবং প্রশাসনের অসহযোগিতার মতো অভিযোগগুলি নিরসন করে রাজ্যে শিল্পায়নের এক নতুন দিগন্ত উন্মোচন করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।








