ব্যুরো নিউজ, ১১ জুলাই ২০২৬ঃ উত্তর ২৪ পরগনার বামনগাছিতে একটি ঝিল থেকে পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকালে বারাসতের বামনগাছির নিত্যানন্দ সরণি এলাকার একটি ঝিল পরিষ্কারের কাজ চলাকালীন শ্রমিকরা এই দেহটি দেখতে পান। দেহটি এতটাই বিকৃত ও পচাগলা অবস্থায় ছিল যে, সেটি শনাক্ত করা সম্ভব হয়নি।
প্রাথমিক অনুমান, দেহটি প্রায় দু’মাস বা তারও বেশি সময় ধরে ঝিলের জলে পড়েছিল। এটি কোনও পুরুষের দেহ হতে পারে বলে মনে করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে বামনগাছি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকার নিকাশি ব্যবস্থা অত্যন্ত খারাপ।
গত কয়েক দিনের বৃষ্টিতে এলাকার রাস্তাঘাট জলমগ্ন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ঝিল পরিষ্কার না করায় পাঁক জমে ছিল। সামান্য বৃষ্টিতেই রেল সংলগ্ন ঝিল ও আশপাশের এলাকা জলমগ্ন হয়ে পড়ে। স্থানীয় বিজেপি নেতা দেবাশিস বিশ্বাস অভিযোগ করেন, “এই ঝিল কয়েক বছর ধরে পরিষ্কার হয় না। এত নোংরা যে, মৃতদেহ পড়ে ছিল তা বোঝা যায়নি। তৃণমূল ক্ষমতায় থাকার পরে বারবার সরকারকে জানিয়েও কোনও লাভ হয়নি।”
অন্যদিকে, স্থানীয় বাসিন্দা সুমিত মল্লিক জানান, “আজ সকালে ঝিল পরিষ্কার করানোর সময়ে দেহটি উদ্ধার হয়। দেহ একেবারে পচে গিয়েছে। পা দুটো আর গলার কাছে একটা সুতো দেখা যাচ্ছে।” সুমিত আরও জানান, এলাকায় কোনও নিখোঁজ ব্যক্তির খবর নেই, ফলে এই দেহ এলাকার কারও নাও হতে পারে। পুলিশ দেহের পরিচয় জানার চেষ্টা করছে এবং মৃত্যুর কারণ খতিয়ে দেখছে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।








