ব্যুরো নিউজ, ১১ জুলাই ২০২৬ ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পর তাঁর পুত্র মোজতবা খামেনেই প্রতিশোধের ডাক দিয়েছেন। নতুন করে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামার মাঝেই প্রাক্তন সুপ্রিম লিডারের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এর পর শনিবার (১১ জুলাই ২০২৬) মোজতবা সোশ্যাল মিডিয়ায় দেশবাসীর উদ্দেশে একটি লিখিত বার্তা দিয়েছেন। বার্তায় তিনি স্পষ্ট জানিয়েছেন, “গোটা দেশের একটাই দাবি, তা হল খামেনেই হত্যার প্রতিশোধ। তা অবশ্যই পূরণ করতে হবে।” একইসঙ্গে তিনি যুদ্ধে নিহত সকল শহিদের রক্তের প্রতিশোধ নেওয়ারও প্রতিজ্ঞা করেন।
সম্প্রতি ইজরায়েল দাবি করে যে ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক কষছে, যা বিশ্বজুড়ে শোরগোল ফেলে দেয়। এর প্রতিক্রিয়ায় ট্রাম্প হুঁশিয়ারি দেন যে তাঁকে হত্যার চেষ্টা করা হলে আমেরিকা ইরানে ভয়ংকর গোলাবর্ষণ শুরু করে দেবে এবং ইরানের দিকে ১০০০ ক্ষেপণাস্ত্র তাক করা রয়েছে। তবে ট্রাম্পের সেই হুঁশিয়ারিকে ফুৎকারে উড়িয়ে শনিবার মোজতবা তাঁর বার্তায় লেখেন, “জাতির একটাই দাবি তা হল প্রতিশোধ। প্রয়াত সুপ্রিম লিডারের মৃত্যুর বদলা আমরা নেবই।” এই পরিস্থিতিতে মোজতবার এই ঘোষণা আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে এবং ইরান ও আমেরিকার মধ্যে সম্পর্ক আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।








