ব্যুরো নিউজ, ১৩ জুলাই ২০২৬: প্রমাণের অভাবে পকসো (POCSO) আইনের এক গুরুত্বপূর্ণ মামলায় অভিযুক্তকে বেকসুর খালাস করল কলকাতা হাই কোর্ট। নিম্ন আদালত দোষী সাব্যস্ত করলেও, ৭ বছর পর উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। ঘটনার সূত্রপাত ২০১৮ সালের ১০ অক্টোবর। কলকাতার এক কিশোরী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা পরীক্ষা করে জানান, কিশোরী তিন মাসের অন্তঃসত্ত্বা এবং তার একটোপিক প্রেগন্যান্সি (Ectopic Pregnancy) হয়েছে। দ্রুত অস্ত্রোপচার করে গর্ভপাত করানো হয়।
এই ঘটনার নেপথ্যে কে, তা জানতে চাইলে কিশোরী তার সৎ বাবার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তোলে। সে জানায়, কমপক্ষে ৩-৪ মাস ধরে জোর করে শারীরিক সম্পর্ক তৈরি করা হয়েছিল এবং মুখ খুললে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছিল। কিশোরীর মা টালা থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ পকসো আইনে মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
নিম্ন আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করলেও, হাই কোর্টের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ছিল ভিন্ন। আদালত জানায়, নির্যাতিতা অন্তঃসত্ত্বা হয়েছিলেন ঠিকই, কিন্তু তার জন্য সৎ বাবাই দায়ী, এমন স্পষ্ট ও উপযুক্ত প্রমাণ মেলেনি। প্রমাণের অভাবে অভিযুক্তকে বেকসুর খালাস করার নির্দেশ দেয় উচ্চ আদালত।








