ব্যুরো নিউজ, ১৩ জুলাই ২০২৬ : অন্ধ্রপ্রদেশে নতুন করে কোভিড-১৯ সংক্রমণে মৃত্যুর খবরে পার্শ্ববর্তী রাজ্যগুলিতে উদ্বেগ ছড়িয়েছে। বিশেষ করে রথযাত্রার মতো বড় জনসমাগমের আগে স্বাস্থ্য বিভাগগুলি বাড়তি সতর্কতা অবলম্বন করছে। সম্প্রতি অন্ধ্রপ্রদেশের কাডাপা জেলায় ৪৬ বছর বয়সী এক ব্যক্তির কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুর পর আতঙ্ক ছড়ায়। জানা গিয়েছে, তীব্র শ্বাসকষ্ট ও কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি, যদিও চিকিৎসকরা জানিয়েছেন যে অ্যালকোহল আসক্তিও তাঁর স্বাস্থ্যের অবনতির কারণ ছিল। এরপর আরও এক কোভিড আক্রান্তের মৃত্যুর খবর সামনে আসে। এ
ই পরিস্থিতিতে ওডিশা সরকার ইতিমধ্যেই তাদের সীমানায় নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে। রাজ্যের স্বাস্থ্য বিভাগ জেলাগুলিতে হাই অ্যালার্ট জারি করেছে। যদিও ওডিশায় এখনও নতুন করে কোনও কোভিড আক্রান্তের সন্ধান মেলেনি, তবুও সম্ভাব্য সংক্রমণ রুখতে পরীক্ষা, নজরদারি এবং স্বাস্থ্য পরিকাঠামোকে আরও সক্রিয় করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্ধ্রপ্রদেশ সীমান্ত সংলগ্ন সমস্ত জেলার সিডিএমও-দের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে জ্বর, শ্বাসকষ্ট বা কোভিড-সদৃশ উপসর্গ নিয়ে কেউ হাসপাতালে এলে দ্রুত পরীক্ষা করার জন্য। প্রয়োজনে নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্যও পাঠানো হবে।
জনস্বাস্থ্য পরিচালক ডক্টর রবীন্দ্রনাথ মিশ্র জানিয়েছেন, ওডিশায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও কোনো রকম ঢিলেমি দিতে রাজি নয় প্রশাসন। রথযাত্রার আগে পুরী সহ বিভিন্ন স্থানে চিকিৎসা পরিকাঠামো ও জরুরি পরিষেবা প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে হাত পরিষ্কার রাখা, মাস্ক ব্যবহার এবং অসুস্থ অবস্থায় ভিড় এড়ানোর মতো স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। প্রবীণ, গর্ভবতী ও কম রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে।








