ব্যুরো নিউজ, ১৪ জুলাই ২০২৬ঃ দেশের দ্বিতীয় বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের উদ্বোধন হতে চলেছে আগামী ১৭ই জুলাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাঞ্জাবের অমৃতসরের ছেহার্টা স্টেশন থেকে উত্তরপ্রদেশের বারাণসী পর্যন্ত এই বিশেষ ট্রেনের আনুষ্ঠানিক সূচনা করবেন। এর আগে বাংলা দেশের প্রথম বন্দে ভারত স্লিপার পেয়েছিল, যা হাওড়া থেকে কামাখ্যা রুটে সফলভাবে চলাচল করছে। রেল মন্ত্রক সূত্রে খবর, এই নতুন স্লিপার ট্রেনটি পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের মধ্যে এক গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করবে। এর ফলে অমৃতসরের স্বর্ণ মন্দির এবং বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরের মতো পবিত্র স্থানগুলির মধ্যে পর্যটন ও সাংস্কৃতিক আদান-প্রদান বহুগুণ বৃদ্ধি পাবে। একইসাথে, দুই রাজ্যের মধ্যে ব্যবসায়িক সম্পর্কও আরও সুদৃঢ় হবে বলে মনে করা হচ্ছে।
যাত্রীদের আরামদায়ক ভ্রমণের জন্য এই ট্রেনে উন্নতমানের শক অ্যাবজর্বার এবং সাসপেনশন ব্যবস্থা রয়েছে, যা ঝাঁকুনিহীন যাত্রা নিশ্চিত করবে। এছাড়াও, বায়ো টয়লেট, শাওয়ার এবং অত্যাধুনিক সাজসজ্জার পাশাপাশি ভারতীয় রেলের অত্যাধুনিক কবচ প্রযুক্তিও এই ট্রেনের অন্যতম বৈশিষ্ট্য। এটি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করবে। রেল আধিকারিকদের মতে, রাজধানী বা অন্যান্য এক্সপ্রেস ট্রেনের তুলনায় বন্দে ভারত স্লিপারে গন্তব্যে পৌঁছতে কয়েক ঘণ্টা কম সময় লাগবে, যা যাত্রীদের সময় বাঁচাবে। প্রিমিয়াম ও সেমি-হাই স্পিড ট্রেন হওয়ায় এর ভাড়া অন্যান্য এক্সপ্রেস ট্রেনের তুলনায় ২০ থেকে ২৫ শতাংশ বেশি হবে। আগামী ১৭ই জুলাই উদ্বোধনের পর পরই IRCTC ওয়েবসাইটের মাধ্যমে টিকিট বুকিং প্রক্রিয়া শুরু হয়ে যাবে, যা যাত্রীদের জন্য সুবিধাজনক হবে।








