২১ জুলাইয়ের আগে তৃণমূল ছাড়লেন মণীশ গুপ্ত, বিতর্কের মাঝেও মন্ত্রী করেছিলেন মমতা

২১ জুলাইয়ের আগে তৃণমূল ছাড়লেন প্রাক্তন মন্ত্রী মণীশ গুপ্ত। বিতর্কের মাঝেও তাঁকে মন্ত্রী করেছিলেন মমতা। দলের ভরাডুবি ও বিদ্রোহের আবহে তাঁর দলত্যাগ।

Share:

ব্যুরো নিউজ, ১৬ জুলাই ২০২৬ ; তৃণমূল কংগ্রেস ছাড়লেন প্রাক্তন মন্ত্রী মণীশ গুপ্ত। ২১ জুলাইয়ের ঠিক আগে তাঁর এই দলত্যাগ রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা তৈরি করেছে। সংবাদমাধ্যমকে নিজেই এই খবর জানিয়েছেন মণীশ গুপ্ত। তবে এখনও তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র পাঠাননি বলে খবর।

তাঁর মন্তব্য, “এই দলটায় আমার আর কিছু করার নেই। তাই অযথা সময় নষ্ট না করে ছেড়েই দিলাম। পরে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দেব।” উল্লেখ্য, ১৯৯৩ সালের ২১ জুলাই মহাকরণ অভিযানে যুব কংগ্রেসের বিক্ষোভকারীদের উপর গুলিচালনার নির্দেশ দিয়ে বরাবর বিতর্কের কেন্দ্রে ছিলেন তৎকালীন স্বরাষ্ট্রসচিব মণীশ গুপ্ত।

২০১১ সালে রাজনৈতিক পালাবদলের পর সেই ‘বিতর্কিত’ মণীশ গুপ্তকেই বিধায়ক ও মন্ত্রী পদে এনেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর দলের অন্দরে বিদ্রোহ দেখা দিয়েছে। কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে ২০ জন সাংসদ তৃণমূল ছেড়ে এনসিপিআই দলে যোগ দিয়েছেন। এরপরই কাকলি ঘোষ দস্তিদার ৩৩ বছর আগের ২১ জুলাইয়ের ঘটনা তুলে মণীশ গুপ্তর বিরুদ্ধে নতুন করে তদন্তের আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লেখেন। এই আবহে মণীশ গুপ্তর দলত্যাগ তৃণমূলের জন্য আরও এক ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল।