ব্যুরো নিউজ, ১৭ জুলাই ২০২৬ : ইরানে লাগাতার সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে আমেরিকা। টানা ষষ্ঠ দিনের মার্কিন হামলায় সেদেশের একাধিক গুরুত্বপূর্ণ পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে একাধিক সেতু, বন্দর আব্বাস এলাকার একটি রেলস্টেশন, বিমানবন্দর ও যোগাযোগ টাওয়ার। ইরানের সংবাদমাধ্যম সূত্রে এই খবর জানা গিয়েছে। গত কয়েক দিন ধরেই হরমুজ় প্রণালীতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে লাগাতার সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি হুমকি দিয়েছিলেন, কোনো সমঝোতা না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হবে। আমেরিকার এই হামলার জবাব দিয়েছে ইরানও।
জর্ডন, কুয়েত ও বাহারিনসহ ওই অঞ্চলে বিভিন্ন আমেরিকান ঘাঁটি ও লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে তেহরান জানিয়েছে। এর পরেই ইরানের ওপর হামলা আরও তীব্র করা হয়েছে বলে মার্কিন সেন্ট্রাল কমান্ড (US Central Command) জানিয়েছে। ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার লক্ষ্যে বৃহস্পতিবার ইস্টার্ন টাইম (ET) অনুযায়ী দুপুর ২টো থেকে নতুন করে হামলা শুরু হয়েছে।
শুক্রবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আমেরিকার এই প্রাণঘাতী হামলায় বন্দর আব্বাস এলাকায় বিমানবন্দর ও একটি রেলওয়ে স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। হরমুজ় প্রণালীর কাছে দক্ষিণ ইরানের দুটি সেতুও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। মেহের নিউজ় এজেন্সি জানিয়েছে, হামলায় অন্তত ২ জন নিহত এবং চার জন আহত হয়েছেন। তবে, এই হামলা সত্ত্বেও ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিত দিয়েছে আমেরিকা। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছনোর বিষয়ে আগ্রহ প্রকাশ করছে তেহরান।








