ব্যুরো নিউজ, ১৭ জুলাই ২০২৬ সংসদের বর্ষাকালীন অধিবেশন আগামী ২০ জুলাই থেকে শুরু হয়ে ১৩ আগস্ট পর্যন্ত চলবে। এই অধিবেশনে কেন্দ্র সরকার একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করার প্রস্তুতি নিচ্ছে।
সরকারি সূত্র অনুযায়ী, নতুন বিলের পাশাপাশি দুটি মুলতুবি থাকা বিলকেও অগ্রাধিকার দেওয়া হবে। এগুলি হল— ফরেন কন্ট্রিবিউশন (রেগুলেশন) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬ এবং বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান বিল, ২০২৫। তবে এবারের বর্ষাকালীন অধিবেশনে সরকার আরও পাঁচটি নতুন বিল পেশ করার পরিকল্পনা করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল ইনকাম-ট্যাক্স (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬, সুপ্রিম কোর্ট (নাম্বার অফ জাজেস) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬, রেজিস্ট্রেশন অফ বার্থস অ্যান্ড ডেথস (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬, প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬ এবং মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস ডেভেলপমেন্ট (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬। সরকারের মতে, এই বিলগুলির মধ্যে বেশ কয়েকটি বর্তমান অধ্যাদেশের পরিবর্তে স্থায়ী আইন হিসেবে আনা হবে।
অন্যদিকে, অধিবেশন শুরুর দিন, অর্থাৎ ২০ জুলাই লোকসভা ও রাজ্যসভার বিরোধী দলগুলির নেতারা বৈঠকে বসবেন। সেখানে সংসদে সরকারের বিরুদ্ধে কোন কোন ইস্যুতে আক্রমণ চালানো হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। কংগ্রেস ইতিমধ্যেই জানিয়েছে যে, ডিলিমিটেশন বিল আনা হলে তারা এর বিরোধিতা করবে। এছাড়াও, বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান বিল, FCRA সংশোধনী বিল এবং জাতীয় খাদ্য সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনেরও বিরোধিতা করবে কংগ্রেস। রাজনৈতিক মহলের ধারণা, নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস, অপারেশন সিঁদুর নিয়ে প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য সহ একাধিক ইস্যুতে বিরোধীরা সরব হতে পারে।








