ব্যুরো নিউজ, ১৭ জুলাই ২০২৬ : বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে অবশেষে কলকাতা পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের মুখে হাসি ফুটতে চলেছে। দীর্ঘদিন ধরে প্রতীক্ষার পর আজ শুক্রবার থেকেই তাঁদের অ্যাকাউন্টে বকেয়া ডিএ ঢুকতে পারে বলে খবর। কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় তাঁর ফেসবুক পোস্টে এই আশার কথা জানিয়েছেন।
মলয় মুখোপাধ্যায়ের দেওয়া তথ্য অনুযায়ী, ১৭ জুলাই শুক্রবার থেকে সোমবারের মধ্যে কেএমসি এলাকায় বসবাসকারী পেনশনারদের বকেয়া ডিএ ব্যাঙ্কে ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও তিনি সতর্ক করে বলেছেন, “না আঁচলে বিশ্বাস নেই।” উল্লেখ্য, রাজ্য সরকারের অর্থ দফতর সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল যে, কেএমসি এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মীদের ২০০৮ থেকে ২০১৯ সময়কালের আনুমানিক বকেয়া ডিআর-এর ৫০ শতাংশ প্রথম পর্যায়ে সংশ্লিষ্ট পেনশনভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে।
কিন্তু সেই টাকা এখনও পর্যন্ত অনেকের অ্যাকাউন্টে জমা না পড়ায় ক্ষোভ তৈরি হয়েছিল। সরকারের তরফে জানানো হয়েছিল, সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলির কাছে অতীতের পেনশন বিতরণের সম্পূর্ণ তথ্য না থাকায় বকেয়া ডিআর প্রদানে বিলম্ব হচ্ছে। তাই অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে ৫০ শতাংশ বকেয়া প্রথমে দেওয়া হচ্ছে। পরে ব্যাঙ্ক থেকে যাচাইকৃত তথ্য পাওয়ার পর অবশিষ্ট বকেয়া পরিশোধ করা হবে। এই পরিস্থিতিতে মলয় মুখোপাধ্যায়ের পোস্ট পেনশন প্রাপকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে।








