সিএবি নির্বাচন বিতর্কের মাঝে অমিত শাহের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎ, তুঙ্গে জল্পনা

সিএবি নির্বাচন বিতর্কের আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শাহের পশ্চিমবঙ্গ সফরের মাঝেই এই বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে।

Share:

ব্যুরো নিউজ, ১৭ জুলাই ২০২৬ : সিএবি নির্বাচনকে কেন্দ্র করে তৈরি হওয়া ডামাডোলের আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (সিএবি) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। শুক্রবার থেকে শুরু হওয়া অমিত শাহের তিন দিনের পশ্চিমবঙ্গ সফরের মাঝেই এই সম্ভাব্য সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক ও ক্রীড়ামহলে জল্পনা তুঙ্গে।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সিএবির প্রথম নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলেও শেষ মুহূর্তে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। ২০ জুলাই যুগ্মসচিব পদে নির্বাচনের জন্য বিশেষ সাধারণ সভার আয়োজন করা হয়েছিল। কিন্তু ১২ জুলাই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনেই সিএবি সদস্যদের জানিয়ে দেওয়া হয় যে নির্বাচন আপাতত স্থগিত রাখা হচ্ছে। কারণ, শাসক বা বিরোধী কোনও গোষ্ঠীর পক্ষ থেকেই যুগ্মসচিব পদে একটি মনোনয়নপত্রও জমা পড়েনি। এই ঘটনা গত বুধবারের বৈঠকে উত্তাপ ছড়ায়।

জানা গিয়েছে, ১৮ থেকে ২০ জুলাই পর্যন্ত চলা অমিত শাহের এই সফরে তিনি সীমান্ত নিরাপত্তা, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নতুন তিনটি ফৌজদারি আইনের বাস্তবায়ন-সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ পর্যালোচনা করবেন। পাশাপাশি প্রশাসনিক ও নিরাপত্তা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকেও যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। এই সফরের অংশ হিসেবে শহরের এক পাঁচতারা হোটেলে অমিত শাহের সঙ্গে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়কের সাক্ষাৎ হওয়ার কথা। সিএবি নির্বাচন নিয়ে তৈরি হওয়া অচলাবস্থার মধ্যে এই সাক্ষাৎ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।