ব্যুরো নিউজ, ১৮ জুলাই ২০২৬ঃ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে খোঁজ মিলল জাতীয় স্তরের শুটার দময়ন্তী সেনের। গত রথের দিন মধ্য হাওড়ার বাড়ি থেকে নিখোঁজ হয়েছিলেন ১৫ বছর বয়সী এই কিশোরী। তাঁর নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই রাজ্যজুড়ে উদ্বেগ তৈরি হয়। অবশেষে আজ ভোরবেলা রামকৃষ্ণপুর ঘাট এলাকা থেকে তাঁকে সুস্থ অবস্থায় খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছেন তাঁর মা মৌমিতা রায় সেন। মেয়ের খোঁজ মেলায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সেন পরিবার।
দময়ন্তীর মা মৌমিতা রায় সেন নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, “আজ ভোরবেলা রামকৃষ্ণপুর ঘাট এলাকা থেকে আমার মেয়ে দময়ন্তী সেনকে সুস্থ অবস্থায় খুঁজে পাওয়া গেছে। ঈশ্বরের অসীম কৃপায় সে আমাদের কাছে ফিরে এসেছে।” তিনি এই কঠিন সময়ে পাশে থাকার জন্য পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু, সহকর্মী, পুলিশ প্রশাসন, রাজ্য সরকার এবং সোশ্যাল মিডিয়ার অসংখ্য মানুষকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ দময়ন্তীকে শেষবার হাওড়া স্টেশনের ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মে দেখা গিয়েছিল। দুধ কিনতে বেরিয়ে তিনি কীভাবে সেখানে পৌঁছলেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। মোবাইল ফোন বাড়িতে রেখে যাওয়ায় তদন্তকারীদের পক্ষে তাঁর গতিবিধি অনুসরণ করা কঠিন হয়ে পড়েছিল। তবে এখন দময়ন্তীকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়ায় সকলের মুখে হাসি ফুটেছে। এই ঘটনায় প্রশাসনের ভূমিকা এবং সাধারণ মানুষের সহযোগিতা প্রশংসিত হয়েছে।








