ব্যুরো নিউজ, ১৮ জুলাই ২০২৬ঃ জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার নিয়ন্ত্রণ রেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিল ভারতীয় সেনা। ‘অপারেশন সিঁদুর’-এর পর এই প্রথমবার পাক সীমান্তে ভারী গোলাবর্ষণ করল ভারতীয় সেনাবাহিনী। গত শুক্রবার রাতে তারকুন্ডি ফরওয়ার্ড এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে জওয়ানরা দ্রুত পদক্ষেপ নেন। প্রায় দেড় ঘণ্টা ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি গুলি বিনিময়ের ঘটনা ঘটে, যা সীমান্ত পরিস্থিতিকে ফের উত্তপ্ত করে তুলেছে।
সেনা সূত্রে খবর, শুক্রবার রাত দশটা নাগাদ কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছিল। সতর্ক জওয়ানরা তৎক্ষণাৎ ছোট অস্ত্র থেকে গুলি চালান। এর প্রতিক্রিয়ায় সীমান্তের ওপার থেকেও পাল্টা গুলিবর্ষণ শুরু হয়। দীর্ঘক্ষণ ধরে চলা এই গোলাগুলিতে ভারতীয় সেনার কোনও জওয়ান বা সাধারণ নাগরিকের হতাহতের খবর মেলেনি, যা দেশের জন্য এক বড় স্বস্তির খবর। ভারতীয় সেনাদের তৎপরতায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। ঘটনার পর শনিবার ভোর থেকে তারাকুন্ডি এবং সংলগ্ন এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে সেনাবাহিনী।
নিরাপত্তা বাহিনীর অনুমান, রাতের অন্ধকার এবং গুলি বিনিময়ের সুযোগ নিয়ে অনুপ্রবেশকারীরা হয়তো ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করছিল। তবে গোটা এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। আধুনিক নজরদারি ব্যবস্থা, ড্রোন এবং অন্যান্য প্রযুক্তির সাহায্যে সীমান্ত কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর স্পষ্ট নির্দেশ, অনুপ্রবেশের সঙ্গে কোনও রকম আপস করা হবে না। দেশের সুরক্ষায় ভারতীয় সেনা সর্বদা প্রস্তুত এবং যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম।








