ব্যুরো নিউজ, ১৮ জুলাই ২০২৬ঃ ভারতীয় রেলওয়েতে একের পর এক নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। সম্প্রতি দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের উদ্বোধনের পর এবার সবার নজর বুলেট ট্রেনের দিকে। ভারতে হাই-স্পিড রেল প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে, যা দেশের পরিবহন ব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ করবে। জানা যাচ্ছে, ভারতের প্রথম বুলেট ট্রেন ২০২৭ সালের মধ্যেই চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে মুম্বই-আহমেদাবাদ রুটে এই ট্রেন চলাচল করবে। এই উচ্চাভিলাষী প্রকল্পটি জাপান ও ভারতের যৌথ প্রচেষ্টার ফল। জাপানের বিখ্যাত শিনকানসেন প্রযুক্তির সহায়তায় ভারতে বুলেট ট্রেনের চাকা গড়াবে। ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড (NHSRCL) এই প্রকল্পের দায়িত্বে রয়েছে।
জাপান সরকার এই প্রকল্পে প্রায় ৮০ শতাংশ অর্থ বিনিয়োগ করছে, যার মধ্যে ০.১ শতাংশ সুদে ৭৯ হাজার কোটি টাকারও বেশি ঋণ অন্তর্ভুক্ত। প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি, জাপান এক হাজারেরও বেশি ভারতীয় ইঞ্জিনিয়ারকে প্রশিক্ষণ দিচ্ছে, যা দেশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে। মুম্বই-আহমেদাবাদ রুটে মোট ১২টি স্টেশন থাকবে। এই বুলেট ট্রেনের গতি হবে ঘণ্টায় ৩২০ কিলোমিটার, যা মুম্বই থেকে আহমেদাবাদ পর্যন্ত ৫-৬ ঘণ্টার যাত্রাপথকে মাত্র ২ ঘণ্টায় নামিয়ে আনবে। এই প্রিমিয়াম ট্রেনে যাত্রীরা অত্যাধুনিক সমস্ত সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন। ২০৩০ সালের মধ্যে জাপান ই১০ সিরিজের ট্রেন ভারতকে সরবরাহ করবে বলে আশা করা হচ্ছে, যা ভারতের রেল যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আনবে।








