ব্যুরো নিউজ, ২২ জুলাই ২০২৬ : কলকাতায় মেট্রো যাত্রীদের জন্য এক দারুণ সুখবর! আগামী ২৭ জুলাই থেকে শহরের লাইফলাইন মেট্রো পরিষেবার সময়সীমা ব্লু ও গ্রিন লাইনে বাড়ানো হচ্ছে। এখন থেকে সকাল ৬টা থেকেই মিলবে প্রথম মেট্রো, যা রাত সাড়ে ১০টা পর্যন্ত চলবে। যাত্রী সুবিধায় মেট্রো কর্তৃপক্ষের এই বড় সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি আমজনতা, বিশেষ করে নিত্যযাত্রীরা।
মেট্রো রেল সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটে এবং গ্রিন লাইন অর্থাৎ হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটে এই নতুন সময়সূচি কার্যকর হবে। বর্তমানে ব্লু লাইনে প্রথম মেট্রো সকাল ৬টা ৫০ মিনিটে এবং শেষ মেট্রো রাত ৯টা ৫০ মিনিটে পাওয়া যায়। অন্যদিকে, গ্রিন লাইনে প্রথম মেট্রো সকাল ৬টা ৩৯ মিনিটে এবং শেষ মেট্রো রাত ১০টা ৫ মিনিটে ছাড়ে। এই সময়সীমা পরিবর্তনের ফলে যাত্রীরা আরও বেশি সময় ধরে মেট্রো পরিষেবা উপভোগ করতে পারবেন। নতুন নিয়ম অনুযায়ী, সোমবার থেকে শনিবার পর্যন্ত ব্লু ও গ্রিন উভয় লাইনেই প্রথম মেট্রো সকাল ৬টায় ছাড়বে এবং শেষ মেট্রো প্রান্তিক স্টেশন থেকে রাত সাড়ে ১০টায় পাওয়া যাবে।
রবিবার অবশ্য সকাল ৯টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত মেট্রো পরিষেবা মিলবে। এই বর্ধিত পরিষেবা শহরের নিত্যযাত্রী, অফিসযাত্রী এবং রাতের বেলায় ফেরা মানুষের জন্য অত্যন্ত সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষের এই পদক্ষেপ শহরের গণপরিবহন ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে এবং যানজট কমাতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। এটি শহরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল।








