ব্যুরো নিউজ, ২৪ জুলাই ২০২৬: একটানা বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জনজীবন বিপর্যস্ত। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, নতুন একটি শিয়ার জোনের প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ সংলগ্ন এলাকায় প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এর ফলে আজ শুক্রবারও দক্ষিণবঙ্গের ছয়টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমী অক্ষরেখা বর্তমানে জয়সলমের, কোটা, গুনা, দামোহ, ডালটনগঞ্জ, কাঁথি অতিক্রম করে উত্তর পীরব বঙ্গোপসাগরের অভিমুখে বিস্তৃত। এর পাশাপাশি পূর্ব-পশ্চিম শিয়ার জোন উত্তর পূর্ব আরব সাগর থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই জোড়া সিস্টেমের প্রভাবে বঙ্গে বর্ষার দাপট বেড়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রেও দুর্যোগের পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। আগামীকালের আবহাওয়া অনুযায়ী, শনিবার দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সাধারণ মানুষকে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।








