ব্যুরো নিউজ, ২৪ জুলাই ২০২৬ : কালীঘাটের বাড়ি নির্মাণ সংক্রান্ত নথি নিয়ে কলকাতা পুরসভার তলবের মুখে পড়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়। শুক্রবার আলিপুরে পুরসভার ৯ নম্বর বরো অফিসের বিল্ডিং বিভাগে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।
সূত্রের খবর, বাড়ির প্রয়োজনীয় নথিপত্র নিয়ে তিনি সেখানে যেতে পারেন। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ‘শান্তিনিকেতন’ এবং কালীঘাট রোডের বাড়ি নির্মাণে নিয়ম মানা হয়েছে কিনা, তা খতিয়ে দেখতেই এই তলব। কলকাতা পুরসভার ৪০১ ধারায় পরিবারের সদস্যদের নোটিস দেওয়া হয়েছিল। এই নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা ও মা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাঁদের দাবি, ২৯ সি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িটি এবং কালীঘাট রোডের বাড়িটি সম্পূর্ণ বৈধভাবে নির্মিত।
রাজনৈতিক মহলে এই তলব ঘিরে জোর চাপানউতোর চলছে। ক্ষমতার পালাবদলের পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কালীঘাটে নিয়ম না মেনে বাড়ি তৈরির অভিযোগ ওঠে। মূল নকশার বাইরে গিয়ে নির্মাণ করা হয়েছে বলেই অভিযোগ। এর আগে পুরকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অভিষেকের বাড়ির সামনে মাপজোকও করে এসেছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। যদিও এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।








