ব্যুরো নিউজ, ২৪ জুলাই ২০২৬ : স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) তাদের আইনজীবী পরিবর্তন করল। গুরুত্বপূর্ণ মামলার ঠিক আগেই প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি আর এসএসসি-র কোনও মামলায় আদালতে সওয়াল করবেন না। তাঁর জায়গায় নতুন আইনজীবী হিসেবে নিয়োগ করা হয়েছে ইন্দ্রনীল রায়কে। তাঁর সঙ্গে জুনিয়র আইনজীবী হিসেবে কাজ করবেন সুনীত রায়। শুক্রবার কলকাতা হাইকোর্টে এসএসসি-র মেয়াদ উত্তীর্ণ প্যানেল সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল। তার ঠিক আগে বৃহস্পতিবার রাতে এই আকস্মিক সিদ্ধান্ত নেয় এসএসসি।
নতুন নিযুক্ত আইনজীবীরা এখন থেকে কমিশনের সমস্ত মামলায় প্রতিনিধিত্ব করবেন। চলতি মাসেই আইএএস আধিকারিক দুষ্মন্ত নারিওয়ালাকে এসএসসি-র নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়। তিনিই এই আইনজীবী বদলের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে দুষ্মন্ত নারিওয়ালা রাজ্যের মুখ্যসচিবের দায়িত্ব সামলেছিলেন। পরে তাঁকে দিল্লিতে রেসিডেন্ট কমিশনারের পদে পাঠানো হয় এবং এর পাশাপাশি তিনি এসএসসি চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন।
এর আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসএসসি-র বহু গুরুত্বপূর্ণ মামলায় কমিশনের হয়ে সওয়াল করেছেন। তবে গত বিধানসভা নির্বাচনের পর থেকে তাঁকে আর এসএসসি-র কোনও মামলায় আদালতে দেখা যাচ্ছিল না। শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগে এসএসসি-র বিরুদ্ধে একাধিক মামলা চলছে, যা রাজ্য রাজনীতিতে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে আইনজীবীর পরিবর্তন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।








